বেনাপোলে অস্ত্র ও গুলিসহ ব্যবসায়ী আটক

বেনাপোল প্রতিনিধি

যশোরের শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানা পুলিশের একটি অভিযানিক দল দীঘিরপাড় নামক স্থানে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৪ রাউন্ড গুলিসহ মফিজুর রহমান (২৯) নামে একজন অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে।রবিবার (৯ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে বেনাপোল পৌরসভার দীঘিরপাড় গ্রামের শাহজালাল ফিলিং স্টেশনের সামনে থেকে অস্ত্রসহ তাকে আটক করা হয়।

আটক মফিজুর রহমান স্থানীয় কাগজপুকুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে।

পুলিশ জানায়, তাদের কাছে একটি গোপন খবর ছিল কিছু অস্ত্র ব্যবসায়ী বেনাপোল পৌরসভার দীঘিরপাড় গ্রামের শাহজালাল ফিলিং স্টেশনের সামনে অস্ত্র বেচাকেনা করছে। এ ধরনের সংবাদের ভিত্তিতে এএসআই সুজাউদ্দৌলা সংগীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও ঘটনাস্থল থেকে মফিজুর রহমান নামে একজনকে আটক করে থানা নিয়ে তার শরীর তল্লাশি করে কোমরে কৌশলে লুকিয়ে রাখা একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৪ রাউন্ড গুলি পাওয়া যায়। এ সময় তাকে অস্ত্র ব্যবসায়ী হিসাবে চিহ্নিত করে আটক করা হয়।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল-যশোর মহাসড়কের দীঘিরপাড় এলাকার শাহজালাল ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ মফিজুর রহমান নামে একজনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আগামীকাল সোমবার আদালতে সোপর্দ করা হবে। এর নামে থানায় আরও চারটি মামলা রয়েছে বলে তিনি জানান।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন