গোপালগঞ্জের মুকসুদপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে একযোগে ১৫ জন নেতাকর্মী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার কমলাপুর খন্দকার বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা পদত্যাগের এ ঘোষণা দেন।
পদত্যাগকারী নেতারা হলেন-ইকরাম ফকির, রিপন শেখ, এনজেহার মোল্যা, মিজন মোল্যা, হায়াত মোল্যা, লুকমান মোল্যা, আকরাম মোল্যা, আকাদ্দেস মোল্যা, ইমদাদ মোল্যা, নাসিমা খায়ের আকরাম মোল্যা, হাবিবুর রহমান রাসেল, আইউব মুন্সী ও মন্টু মোল্যসহ ১৫ জন। পদত্যাগকারী নেতারা মুকসুদপুর পৌরসভার ৭ ও ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের বিভিন্ন পদে ছিলেন।
সংবাদ সম্মেলনে বক্তব্য পাঠ করেন মুকসুদপুর পৌরসভার কমলাপুর ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপিত লুৎফর রহমান মোল্যা।
তিনি বলেন, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় তিনি এবং তার সঙ্গে থাকা ১৫ জন নেতা আওয়ামী লীগের সকল সাংগঠনিক কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যক্তিগত বিবেচনায় নেওয়া হয়েছে এবং সবাইকে তাদের সিদ্ধান্তকে সম্মানের সঙ্গে গ্রহণ করার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত পদত্যাগকারী অন্যান্য নেতারাও আওয়ামী লীগের সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে নিজেদের সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
খুলনা গেজেট/এনএম

