ঢাকা আলিয়া মাদরাসায় হল দখলকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছেন ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা। দফায় দফায় হামলা-পাল্টা হামলায় উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৪টার দিকে শুরু হওয়া এই সংঘর্ষ এখনও থেমে থেমে চলছে। পরিস্থিতি শান্ত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঢাকা আলিয়া মাদরাসায় অবস্থান করছে।
সংঘর্ষের ঘটনায় আহত দুই ছাত্রদল নেতা ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন। তারা হলেন- ঢাকা আলিয়া মাদরাসা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক সানাউল্লাহ (৩০) ও লালবাগ থানা ছাত্রদলের সদস্য সচিব এবং ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নিছার উদ্দিন রাব্বি (২৭)।
আহত রাব্বি অভিযোগ করেন, তিনি মাদরাসার ছাত্র না। তবে সেখানে তার অনেক বন্ধুবান্ধব রয়েছে। তাদের সঙ্গেই বিকেলে মাদরাসা চত্তরে বসে আড্ডা দিচ্ছিলেন। তখনই শিবিরের নেতাকর্মীরা তাদের উপর অতর্কিত হামলা করে। লাঠিসোটা দিয়ে পেটায় এবং ইটপাটকেল নিক্ষেপ করে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, সানাউল্লাহর দুই পা, পিঠসহ শরীরে পেটানোর আঘাত রয়েছে। এ ছাড়া রাব্বির বাম পায়ে ইটের আঘাত এবং পড়ে গিয়ে বাম হাতে আঘাত পেয়েছেন। তাদেরকে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে।
খুলনা গেজেট/এএজে

