সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস দুই মামলায় জামিন পেয়েছেন। তবে আরও মামলা থাকায় আপাতত তার মুক্তি মিলছে না বলে জানিয়েছেন আইনজীবীরা। রবিবার (২ আগস্ট) দুপুরে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ তার জামিন প্রশ্নে দেয়া রুল যথাযথ ঘোষণা করে রায় দেয়।
হত্যা চেষ্টা ও ভাঙচুর এবং হামলা ও সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগের দুই মামলায় গত বছরের সেপ্টেম্বরে রুল দেয় হাইকোর্ট। পরে রোববার ওই রায় দেয়া হয়।
চিন্ময় দাসের আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য সাংবাদিকদের জানান, চিন্ময়ের বিরুদ্ধে মূলত ছয়টি ফৌজদারি মামলা রয়েছে। এর মধ্যে চট্টগ্রামে আইনজীবী হত্যা মামলার বিচার ট্রাইব্যুনালে চলছে। রাষ্ট্রদ্রোহের মামলায় তার জামিন স্থগিত হয়েছে।
এছাড়া বাকি চার মামলার মধ্যে দুইটিতে জামিন প্রশ্নে রুল যথাযথ ঘোষণা করে রায় দিয়েছে হাইকোর্ট, অর্থাৎ এই দুই মামলায় জামিন পেলেন চিন্ময়। তবে আরও দুইটি মামলায় জামিনের বিষয়ে দেয়া রুলের শুনানি আগামী ১৬ অগাস্ট।
উল্লেখ্য, জাতীয় পতাকা অবমাননা সংক্রান্ত রাষ্ট্রদ্রোহের অভিযোগের মামলায় ২০২৪ সালের ২৬ নভেম্বর সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাসের জামিনকে ঘিরে চট্টগ্রামের আদালতে হওয়া সংঘর্ষে আইনজীবী সাইফুল ইসলাম নিহত হন।
খুলনা গেজেট/এএজে

