বাংলাদেশ-চীন সংসদীয় মৈত্রী গ্রুপের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার, সংসদীয় প্রতিনিধিদলের সফর বিনিময় এবং বাণিজ্য ঘাটতি কমাতে চীনের বিনিয়োগ বাড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করা হয়। মঙ্গলবার (২৮ জুলাই) জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের বাংলাদেশ-চীন সংসদীয় মৈত্রী গ্রুপের প্রথম বৈঠক কমিটির সভাপতি ড. খন্দকার মোশাররফ হোসেন এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
বৈঠকে কমিটির সদস্য মো. শহিদুল ইসলাম, মো. হাসান রাজীব প্রধান, জহরত আদিব চৌধুরী, মাহমুদা হাবীবা, মোহাম্মদ নাজিবুর রহমান, মোহাম্মদ মোসলেহ উদ্দিন ফরিদ এবং মো. আবুল হাসনাত এমপি অংশ নেন।
বৈঠকের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। এরপর সদস্যদের পরিচিতি পর্ব এবং প্রাথমিক আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনায় সদস্যরা বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে চীনের গুরুত্ব নিয়ে মতবিনিময় করেন। পাশাপাশি দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী করা, সংসদীয় প্রতিনিধিদলের দ্বিপক্ষীয় সফর বিনিময় বৃদ্ধি এবং বাণিজ্য ঘাটতি নিরসনে চীনের বিনিয়োগ বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
খুলনা গেজেট/এএজে

