বেসরকারি বিদ্যালয়গুলো নীতিমালার মধ্যে নিয়ে আসা হবে: ববি হাজ্জাজ

গেজেট প্রতিবেদন

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দেশের বেসরকারি বিদ্যালয়গুলো নীতিমালার মধ্যে নিয়ে আসা হবে। এসব স্কুলের কারিকুলাম, টিচার কোয়ালিটিসহ অন্যান্য বিষয়ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সরাসরি নজরদারির আওতায় আনা হবে। ইতিমধ্যে এ সংক্রান্ত কার্যক্রম শুরু হয়েছে।

রবিবার (২৬ জুলাই) বিকেলে সিলেট বিভাগের বিভিন্ন জেলার প্রাথমিক শিক্ষক ও কর্মকর্তাদের নিয়ে আয়োজিত কর্মশালা শেষে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, বিভিন্ন বিদ্যালয়ের মিড ডে মিলের বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। সেগুলো সঙ্গে সঙ্গেই পরিবর্তন করে দেয়া হয়েছে। বর্তমানে এ কার্যক্রমের পাইলট প্রকল্প চলছে। পাইলট প্রকল্পে এ কার্যক্রমের ভুল ত্রুটি পর্যবেক্ষণ করা হবে। পাইলট প্রকল্পের সফলতার উপর ভিত্তি করে ২০২৭ সালে দেশব্যাপী এ কার্যক্রম শুরু করা হবে।

প্রশিক্ষণ কর্মশালায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত এরশেদ সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আব্দুর রহিম। নগরীর পিটিআই ভবনে দিনব্যাপী চলে কর্মশালাটি। সিলেট থেকে শুরু হওয়া এ কর্মশালা পর্যায়ক্রমে দেশের প্রতিটি বিভাগেই অনুষ্ঠিত হবে বলে জানান সংশ্লিষ্টরা।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন