যশোর-নড়াইল মহাসড়কের নীলগঞ্জ ব্রিজ এলাকা থেকে প্রায় ১ কোটি ৪০ লাখ টাকা মূল্যের সাড়ে চারটি সোনার বারসহ এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (২৬ জুলাই) ভোরে নীলগঞ্জ এলাকায় থেকে তাকে আটক করা হয়।
আটক সুমন মণ্ডল নারায়ণগঞ্জের সদর উপজেলার ইসলামিয়া গ্রামের প্রাণনাথ মণ্ডলের ছেলে।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, রবিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ৪৯ বিজিবির একটি বিশেষ দল নীলগঞ্জ এলাকায় তল্লাশি চালায়। এ সময় সুমনকে দেখে তাদের সন্দেহ হয়। পরে তার শরীরে বিশেষভাবে লুকিয়ে রাখা সোনার বারগুলো উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সোনার ওজন ৬৮০ গ্রাম। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ ৯ হাজার ৮৭৫ টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন জানান, তিনি ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে সোনার বারগুলো নিয়ে যাচ্ছিলেন। এ ঘটনায় যশোর কোতোয়ালি থানায় মামলা হয়েছে।
খুলনা গেজেট/এএজে

