যশোরে বিদেশি পিস্তলসহ শাহাদাত হোসেন নামে এক সন্ত্রাসীকে আটক করেছে র্যাব-৬। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে শহরের শংকরপুর চোপদারপাড়া বারেক সড়ক এলাকার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক ও অস্ত্র উদ্ধার করা হয়।
আটক শাহাদত হোসেন ওই এলাকার শাহাজাহানের ছেলে।
র্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বী প্রিন্স জানান, গোপন সংবাদের ভিত্তিতে শংকরপুর চোপদারপাড়া বারেক সড়ক এলাকার শাহাজাহানের বাড়িতে অভিযান চালায় র্যাবের একটি দল। এ সময় শাহাদত হোসেনকে আটক ও বাড়িতে তল্লাশি করে ঘরের সামনে উল্টে রাখা প্লাস্টিকের ব্যারেলের নিচ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক শাহাদত হোসেন জানিয়েছে, উদ্ধার হওয়া পিস্তলটি ভারত থেকে আনা হয়েছে।
র্যাব জানায়, শাহাদত হোসেন দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র কারবারের সঙ্গে জড়িত বলে তাদের কাছে তথ্য ছিল। শংকরপুর রেললাইনের পাশে তার একটি ওয়েল্ডিং কারখানা রয়েছে। ওই কারখানায় গোপনে অবৈধ অস্ত্র তৈরি করা হতো কি না, সে বিষয়েও তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
খুলনা গেজেট/এএজে

