জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ‘রাষ্ট্রপতি যদি পদত্যাগ করেন তবে ৯০ দিনের মধ্যে সংসদে নির্বাচনের মাধ্যামে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। এটাই সংবিধানের নিয়ম।’
শুক্রবার (২৪ জুলাই) থাইল্যান্ড থেকে দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
স্পিকার বলেন, ‘রাষ্ট্রপতি যদি পদত্যাগ করেন তবে স্পিকারের কাছেই করবেন। এরপর অ্যাকটিং রাষ্ট্রপতি হিসেবে স্পিকার দায়িত্ব পালন করেন।’
এক প্রশ্নের জবাবে তিনি জানান, গতকাল শারীরিক চেকআপ সম্পন্ন হওয়ার কারণে দেশে ফিরেছেন।
এর আগে স্পিকার দুপুর ১২টা ১০ মিনিটে বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি ৩২১ এ শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন।
গত ১৯ জুলাই চিকিৎসার জন্য ব্যাংকক যান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সফরসূচি অনুযায়ী আগামী ২৬ জুলাই তার ফেরার কথা ছিল। এর জন্য ফিরতি টিকিটও কাটা ছিল। কিন্তু সফরসূচি সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরতে স্পিকারকে সরকারের উচ্চপর্যায় থেকে অনুরোধ করা হয়েছে বলেও জানা গেছে।
খুলনা গেজেট/এনএম

