আর্জেন্টিনা ৬-৬ স্পেন

ক্রীড়া প্রতি‌বেদক

আন্তর্জাতিক ফুটবলের দুই পরাশক্তি আর্জেন্টিনা ও স্পেন। মাঠের লড়াইয়ে যখনই এই দুদল মুখোমুখি হয়েছে, ফুটবলবিশ্ব উপভোগ করেছে টানটান উত্তেজনা আর নান্দনিক ফুটবল। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায়, দুই দলের দ্বৈরথটি একদম সমানে সমান। এ পর্যন্ত অনুষ্ঠিত ১৪টি ম্যাচের মধ্যে ৬টিতে জিতেছে আলবিসেলেস্তেরা, লা রোহারা জিতেছে ৬টিতে। আর বাকি দুটি ম্যাচ হয়েছে ড্র।

আর্জেন্টিনা এবং স্পেনের ফুটবলীয় লড়াইয়ের সূচনা হয়েছিল আজ থেকে প্রায় সাত দশক আগে। ১৯৫২ সালের ৭ ডিসেম্বর পরস্পরের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নেমেছিল দুদল। প্রথম দেখাতেই বাজিমাত করেছিল আর্জেন্টিনা। স্পেনের মাটিতে স্বাগতিকদের ১-০ গোল ব্যবধানে হারায় আলবিসেলেস্তেরা। এর ঠিক পরের বছর, ১৯৬১ সালের জুনে বুয়েনস আইরেসে ফিরতি প্রীতি ম্যাচে স্পেনকে আবারও ১–০ গোলে হারায় আর্জেন্টিনা। ১৯৬০ সালের দেখা ফের একবার জয় পায় আর্জেন্টাইনরা।

স্পেন প্রথম জয়ের দেখা পায় ১৯৬১ সালে। সে বছরের ১১ জুন আর্জেন্টিনাকে ২–০ গোলে হারিয়ে শুভসূচনা করেছিল স্প্যানিশরা।

বিশ্বকাপের দীর্ঘ ইতিহাসে এই দুটি দল মাত্র একবারই একে অপরের মুখোমুখি হওয়ার সুযোগ পেয়েছে। ১৯৬৬ সালের ইংল্যান্ড বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল তারা। ১৯৬৬ সালের ১৩ জুলাই বার্মিংহামের ভিলা পার্কে অনুষ্ঠিত সেই হাইভোল্টেজ ম্যাচে আর্জেন্টিনা ২–১ ব্যবধানে স্পেনকে পরাজিত করে। বিশ্বকাপের মঞ্চে স্পেনের বিপক্ষে জয়ের সেই শতভাগ রেকর্ড আজও ধরে রেখেছে আর্জেন্টিনা।

বিশ্বকাপ এবং প্রাথমিক প্রীতি ম্যাচগুলোতে আর্জেন্টিনা আধিপত্য দেখালেও পরবর্তীতে প্রীতি ম্যাচগুলোর পরিসংখ্যানে দারুণভাবে ঘুরে দাঁড়ায় স্পেন। দুই দলের খেলা ১৪টি ম্যাচের মধ্যে ১৩টিই ছিল আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। এর মধ্যে আর্জেন্টিনা পাঁচটি ও স্পেন ৬টি ম্যাচে জয়লাভ করেছে। আর বিশ্বকাপে জয় পেয়েছে আর্জেন্টিনা।

বিংশ শতাব্দীর পর দুই দলের শেষ দুটি ম্যাচ ফুটবলপ্রেমীদের মনে আজীবন দাগ কেটে থাকবে। ২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে স্পেন যখন বিশ্বচ্যাম্পিয়ন হয়ে বুয়েনস আইরেসে পা রাখে, তখন ঘরের মাঠে আর্জেন্টিনা তাদের ৪–১ গোলের বিশাল ব্যবধানে বিধ্বস্ত করে ফুটবল বিশ্বকে চমকে দিয়েছিল।

তবে স্পেন এর প্রতিশোধ নেয় আরও ভয়ঙ্করভাবে। ২০১৮ সালের ২৭ মার্চ মাদ্রিদে অনুষ্ঠিত দুই দলের সর্বশেষ প্রীতি ম্যাচে লিওনেল মেসিবিহীন আর্জেন্টিনাকে ৬–১ গোলের বড় ব্যবধানে হারিয়ে লজ্জায় ডুবিয়েছিল স্পেন। স্পেনের পক্ষে সেদিন হ্যাটট্রিক করেছিলেন ইসকো।

খুলনা গেজেট/রুএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন