শেষ দিকে সাইফুদ্দিনের তাণ্ডবে চ্যালেঞ্জিং সংগ্রহ বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক

সিরিজে টিকে থাকার লড়াইয়ে শুরুটা ছিল আশাব্যঞ্জক, মাঝপথে নেমেছিল হঠাৎ ব্যাটিং ধস। তবে শেষ দিকে মোহাম্মদ সাইফুদ্দিনের বিধ্বংসী ব্যাটিংয়ে আবারও ম্যাচে দারুণভাবে ফিরে আসে বাংলাদেশ। তার ঝড়ো ইনিংসের সুবাদে দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের সামনে ১৮৭ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দাঁড় করিয়েছে সফরকারীরা।

শুক্রবার (১৭ জুলাই) বুলাওয়ায়োর কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় জিম্বাবুয়ে। সিরিজে সমতা ফেরানোর লক্ষ্যে একাদশে একটি পরিবর্তন আনে বাংলাদেশ। নাসুম আহমেদের জায়গায় সুযোগ পান লেগ স্পিনার রিশাদ হোসেন।

ইনিংসের শুরুতে খুব একটা স্বাচ্ছন্দ্যে ছিলেন না দুই ওপেনার সাইফ হাসান ও তানজিদ হাসান। প্রথম চার ওভারে কোনো উইকেট না হারালেও রান ওঠে মাত্র ২৮। সাইফ একটি সহজ ক্যাচ দিয়ে জীবন পান। পরে আরও কয়েকবার সুযোগ পেয়েও তাকে ফেরাতে ব্যর্থ হয় জিম্বাবুয়ের ফিল্ডাররা।

জীবন পাওয়ার সুযোগগুলো পুরোপুরি কাজে লাগান দুই ওপেনার। পাওয়ার প্লের পর দ্রুত রান তুলতে শুরু করেন তারা। নিয়মিত বাউন্ডারিতে চাপ বাড়তে থাকে স্বাগতিক বোলারদের ওপর। ১২.১ ওভারে দলের সংগ্রহ একশ ছাড়ায়। একই সময়ে তানজিদ তুলে নেন নিজের অর্ধশতক। অন্য প্রান্তে সাইফও পৌঁছে যান ফিফটির মাইলফলকে। তাদের জুটিতে গড়ে ওঠে শতাধিক রানের উদ্বোধনী জুটি, যা টি–টোয়েন্টিতে বাংলাদেশের সপ্তম শতরানের ওপেনিং জুটি। তবে দুর্দান্ত সেই সূচনার পরই বদলে যায় ম্যাচের চিত্র। অধিনায়ক সিকান্দার রাজা সাইফ হাসানকে বোল্ড করে জুটি ভাঙার পর শুরু হয় বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়। কিছুক্ষণের মধ্যেই রিচার্ড এনগারাভার বলে বোল্ড হন ৪৪ বলে ৫৮ রান করা তানজিদ হাসান। এরপর তাওহিদ হৃদয়সহ একে একে সাজঘরে ফেরেন আরও কয়েকজন ব্যাটার। মাত্র ১৪ বলের ব্যবধানে ৫ উইকেট হারিয়ে বড় চাপে পড়ে বাংলাদেশ। এই সময়ে যোগ হয় মাত্র ১৯ রান।

ব্যাটিং ধসের সেই ধাক্কা সামলে শেষ দিকে পাল্টা আক্রমণে নামেন ইয়াসির আলী ও মোহাম্মদ সাইফুদ্দিন। ইয়াসির ১২ বলে ২২ রানের কার্যকর ইনিংস খেললেও শেষ ওভারে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজের হাতে তুলে নেন সাইফুদ্দিন। ব্র্যাড ইভান্সের করা ইনিংসের শেষ ওভারের প্রথম চার বলেই টানা চারটি ছক্কা হাঁকিয়ে গড়েন অনন্য এক রেকর্ড। বাংলাদেশের টি–টোয়েন্টি ইতিহাসে তিনিই প্রথম ব্যাটার, যিনি পরপর চার বলে চারটি ছক্কা মারার কীর্তি গড়লেন। সাইফুদ্দিনের ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। সিরিজে টিকে থাকতে এখন এই লক্ষ্যই জিম্বাবুয়ের সামনে ছুড়ে দিল লাল-সবুজের প্রতিনিধিরা।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন