জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পৃথকভাবে উদযাপনের অনুমোদন

গেজেট প্রতিবেদন

একত্রে উদযাপনের পরিবর্তে ১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস ও ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপনের প্রস্তাবের অনুমোদন করেছে সরকার। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।

এর আগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রস্তাবটি মন্ত্রিসভা বৈঠকে উত্থাপন করা হয়। প্রস্তাবে বলা হয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক প্রতি বছর ১ নভেম্বর ‘জাতীয় যুব দিবস’ এবং ১২ আগস্ট ‘আন্তর্জাতিক যুব দিবস’ উদযাপন করা হতো। অন্তর্বর্তী সরকারের মেয়াদে উপদেষ্টা পরিষদের বৈঠকে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস একত্রে একই তারিখে অর্থাৎ, ১২ আগস্ট উদযাপনের সিদ্ধান্ত দেয়া হয়। তবে ২০২৫ সালে উভয় দিবস ১২ আগস্ট একত্রে উদযাপনকালে বর্ষাকাল হওয়ায় দিবসটি উপলক্ষে আয়োজিত যুব র‍্যালি, যুব সমাবেশ এবং যুবমেলা সফলভাবে সম্পাদন করা সম্ভব হয়নি।

এতে যুব উদ্যোক্তারা তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও বিক্রয় করতে অসুবিধার সম্মুখীন হন উল্লেখ করে প্রস্তাবে আরও বলা হয়, জাতীয় যুব দিবস ব্যতীত অন্য সময়ে যুবমেলার আয়োজন করা হলে কাঙ্ক্ষিত জনসম্পৃক্ততা ও বাণিজ্যিক সাফল্য অর্জিত হয় না। জাতীয় যুব দিবস সরকারি অর্থায়নে উদযাপিত হলেও আন্তর্জাতিক যুব দিবস সাধারণত সরকারি, বেসরকারি সংস্থা এবং উন্নয়ন সহযোগীদের সহযোগিতায় পালিত হয়ে থাকে।

এই অবস্থায় মন্ত্রিসভা বৈঠকে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ১২ আগস্ট তারিখে একত্রে উদযাপনের পরিবর্তে পৃথকভাবে ১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস এবং ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপনের প্রস্তাবের অনুমোদন দেয়া হয়েছে।

খুলনা গেজেট/রুএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন