আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে তরুণের মৃত্যু

গেজেট প্রতিবেদন

নেত্রকোণা শহরে আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে দীপ্ত চৌধুরী (২৩) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। বুধবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে শহরের শহীদ মিনার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত দীপ্ত চৌধুরী শহরের মালনী এলাকার বাদল চৌধুরীর একমাত্র ছেলে।

প্রত্যক্ষদর্শী ও মৃত দীপ্তের বন্ধু জুবায়ের আহমেদ সাজিদ বলেন, আর্জেন্টিনার প্রতিটি জয়ের পর শহীদ মিনার এলাকায় সমর্থকরা জড়ো হয়ে বিজয় উদযাপন করে। বুধবার রাতে আর্জেন্টিনার জয়ের পরও বিভিন্ন এলাকা থেকে সমর্থকেরা সেখানে জড়ো হয়ে উল্লাসে মেতে ওঠে। একপর্যায়ে দীপ্ত শহীদ মিনার মোড়ের সিঙ্গার শোরুম সংলগ্ন ভবনের ছাদে উঠে বিজয় উল্লাসের ছবি ও ভিডিও ধারণের চেষ্টা করে। এ সময় সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে উপস্থিত সমর্থকেরা তাকে উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল-মামুন সরকার বলেন, এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন