গোপালগঞ্জে এইচএসসি পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ

টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও বিরূপ আবহাওয়ার মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বুধবার (১৬ জুলাই) দুপুরে এইচএসসি পরীক্ষা শেষে গোপালগঞ্জ সরকারি কলেজ ও হাজী লালমিয়া সিটি কলেজসহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্থানীয় প্রেসক্লাবের সামনে জড়ো হন। সেখানে তারা অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

এ সময় বিক্ষোভকারী শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ, এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতসহ বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা শিক্ষাব্যবস্থার বিভিন্ন সমস্যা, পরীক্ষা পরিচালনা ও শিক্ষা সংশ্লিষ্ট নানা ইস্যুতে ক্ষোভ প্রকাশ করে শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবি তোলেন।

বিক্ষোভ চলাকালে গোপালগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী মোকাররম শেখ বলেন, বর্তমানে দেশের পরিস্থিতি খুবই নাজুক। বৃষ্টি, বন্যা ও বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার কারণে পরীক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়েছেন। এই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখতে হবে। এছাড়া শিক্ষামন্ত্রী আমাদের ‘ফার্মের মুরগি’ বলে কটাক্ষ করেছেন। তাঁকে প্রকাশ্যে ক্ষমা চেয়ে পদত্যাগ করতে হবে।

দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন শিক্ষার্থীরা।

হাজী লালমিয়া সিটি কলেজের শিক্ষার্থী শাহরিয়ার জিম বলেন, টানা বৃষ্টির ফলে নির্ধারিত সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো অনেকের জন্য অনিশ্চিত হয়ে পড়েছে। শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। ওই মন্তব্যের জন্য তাঁকে প্রকাশ্যে ক্ষমা চেয়ে পদত্যাগ করতে হবে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন