বঙ্গোসাগরে ১২ জন জেলেসহ ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এর মধ্যে সাতজনকে জীবিত ও চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজারের কুতুবদিয়া সৈকত থেকে মরদেহগুলো উদ্ধার করে পুলিশ। এর আগে ভোর সাড়ে ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটলে স্থানীয় বাসিন্দারা সাত জেলেকে জীবিত উদ্ধার করেন।
নিহতরা হলেন-কুতুবদিয়া উপজেলার দক্ষিণ অমজাখালী এলাকার শামসুল আলমের ছেলে মোহাম্মদ নাফিজ (২০), আবুল কাশেমের ছেলে মো. করিম (২১), আব্দুল মাবুদের ছেলে আইয়ুব মনির (২০), কুতুবদিয়ার আলী আকবর ডেইল হায়দারপাড়ার কামাল (৪৮)।
এ ঘটনায় পেকুয়ার মগনামা ইউনিয়নের কাগপাড়ার নাছির উদ্দীন (২১) নামে এক জেলে এখনো নিখোঁজ রয়েছেন।
কুতুবদিয়া মৎস্য ফেডারেশনের সভাপতি আবুল কালাম বলেন, বড়ঘোপ দক্ষিণ অমজাখালীর নুরুল আবছারের মালিকানাধীন এফবি ফকিরা মসজিদ নামের ট্রলারটি ১২ জন মাঝি-মাল্লা নিয়ে সাগরে মাছ ধরতে যায়। সোমবার ভোর সাড়ে ৪টার দিকে ট্রলারটি ডুবে যায়।
কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) ফারুক আহমেদ বলেন, সাগরে ট্রলারডুবির ঘটনায় চারজেলের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং একজন নিখোঁজ রয়েছেন। আইনি পদক্ষেপ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
খুলনা গেজেট/রুএ

