গোপালগঞ্জের কাশিয়ানীতে ইঞ্জিনচালিত ট্রলির সাথে মোটরসাইকেলের সংঘর্ষে চায়না পারভিন (৩৫) নামে এক পুলিশ সদস্যের স্ত্রী নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেল চালক ও নিহতের স্বামী পুলিশ সদস্য চাঁন মিয়া গুরুতর আহত হন। শনিবার (১১ জুলাই) সকালে কাশিয়ানী উপজেলার ব্যাসপুর এলাকার আলী হাসান তুল্কি মাদ্রাসার সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত চায়না পারভিন ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার রাখালগাছি গ্রামের বাসিন্দা।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, পুলিশ সদস্য চাঁন মিয়া তার স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে করে নিজ বাড়ি বোয়ালমারী থেকে কর্মস্থল ফরিদপুরে যাচ্ছিলেন। পথে কাশিয়ানী উপজেলার ব্যাসপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ইঞ্জিনচালিত ট্রলির সাথে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চায়না পারভিন মারা যান এবং চাঁন মিয়া গুরুতর আহত হন।
তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে প্রথমে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
খুলনা গেজেট/এএজে

