দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠাগারে তিনটি নির্দিষ্ট বই রাখার নির্দেশনা বাতিল করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এর ফলে ‘প্রেসিডেন্ট জিয়া: রাজনৈতিক জীবনী’, ‘বেগম খালেদা জিয়া : জীবন ও সংগ্রাম’ এবং ‘সবার আগে বাংলাদেশ’— এই তিনটি বই বিদ্যালয়ের পাঠাগারে সংরক্ষণের বিষয়ে আগে দেওয়া নির্দেশ আর কার্যকর থাকছে না।
সোমবার (৬ জুলাই) রাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব রওশন আরা পলি স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
এর আগে গত ৩ জুন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে (ডিপিই) এ বিষয়ে একটি চিঠি পাঠানো হয়েছিল। উপসচিব রওশন আরা পলি স্বাক্ষরিত ওই চিঠিতে দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠাগারে ‘প্রেসিডেন্ট জিয়া : রাজনৈতিক জীবনী’, ‘বেগম খালেদা জিয়া : জীবন ও সংগ্রাম’ এবং ‘সবার আগে বাংলাদেশ’—এই তিনটি বইয়ের অন্তত এক সেট সংরক্ষণ নিশ্চিত করতে বলা হয়েছিল।
মন্ত্রণালয়ের সর্বশেষ অফিস আদেশের মাধ্যমে সেই নির্দেশনা বাতিল করা হয়েছে।
জানা গেছে, ‘প্রেসিডেন্ট জিয়া : রাজনৈতিক জীবনী’ এবং ‘বেগম খালেদা জিয়া : জীবন ও সংগ্রাম’ বই দুটি সাংবাদিক মাহফুজ উল্লাহর লেখা। আর ‘সবার আগে বাংলাদেশ’ বইটির লেখক প্রধানমন্ত্রী তারেক রহমান। বই তিনটি জাতীয়তাবাদী প্রকাশনা সংস্থা থেকে প্রকাশিত হয়েছে।
খুলনা গেজেট/এএজে

