সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর ও দপ্তরে নিয়োগ এবং পদোন্নতি সংক্রান্ত নানা কার্যক্রমে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীদের সম্মানিসহ আনুষঙ্গিক ব্যয়ের হার পুনর্নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে কিছু ক্ষেত্রে সম্মানির হার বাড়ানোর পাশাপাশি নতুন কিছু খাতও সংযোজন করা হয়েছে। এছাড়াও কয়েকটি খাতে সম্মানির আগের হারই বহাল রাখা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়েছে। সরকারি নিয়োগ-পদোন্নতির কাজে পুনর্নির্ধারিত এই হার পরিপত্র জারির তারিখ থেকেই কার্যকর হবে। এছাড়াও পরিপত্রে এ সংক্রান্ত অর্থ বিভাগের ২০২৫ সালের ২০ অক্টোবরের স্মারকটি বাতিল করা হয়েছে।
পরিপত্র অনুযায়ী, প্রশ্নপত্র প্রণয়নের জন্য জনপ্রতি সম্মানি আগের মতোই ৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি বিভাগীয় নির্বাচন বা পদোন্নতি কমিটির সদস্যদের প্রতি সভার জন্য জনপ্রতি ৬ হাজার টাকা এবং মৌখিক বা ব্যবহারিক পরীক্ষা বোর্ডের সদস্য ও বিশেষজ্ঞদের প্রতিদিনের জন্য জনপ্রতি ৬ হাজার টাকা করে দেয়া হবে। আগেও এই দুই ক্ষেত্রে সম্মানির হার একই ছিল।
এদিকে উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে আগের মতো পূর্ণ উত্তরপত্র পরীক্ষণের জন্য প্রতিটি খাতায় ১৩০ টাকা ও পূর্ণ অবজেকটিভ টাইপ উত্তরপত্র পরীক্ষণের জন্য প্রতিটি খাতায় ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে নতুন করে উত্তরপত্র নিরীক্ষণের জন্য প্রতিটি খাতায় ১৫ টাকা করে সম্মানি দেয়ার বিধান করা হয়েছে। পাশাপাশি লিখিত, ব্যবহারিক বা মৌখিক পরীক্ষা গ্রহণ, প্রশ্নপত্র প্রণয়ন এবং উত্তরপত্র মূল্যায়নের সময় আপ্যায়ন ব্যয় সরকারের সর্বশেষ নির্দেশনা ও ‘আর্থিক ক্ষমতা অর্পণ-২০২৬’ অনুসারে নির্বাহ করতে হবে। এ ক্ষেত্রে প্রযোজ্য হলে দুপুর বা রাতের খাবারের ব্যয় ওই নির্দেশনা অনুযায়ী প্রদান করা যাবে এবং নাস্তার জন্য দৈনিক সর্বোচ্চ দুইবার ব্যয় করা যাবে।
অন্যদিকে পরীক্ষা পরিচালনার সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত কর্মচারীদের প্রতিদিনের সম্মানি আগের মতোই গ্রেডভেদে নির্ধারণ করা হয়েছে। তবে সম্মানির হার বাড়ানো হয়েছে। এর মধ্যে ৯ম গ্রেড ও তদূর্ধ্ব গ্রেডের কর্মচারীরা ১ হাজার ৮০০ টাকা পাবেন, যা আগে ১ হাজার ২০০ টাকা নির্ধারিত ছিল। পাশাপাশি ১০ম থেকে ১৬তম গ্রেডের কর্মচারীরা ১ হাজার ২০০ টাকা (আগে ছিল ১ হাজার টাকা) এবং ১৭তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা ১ হাজার টাকা (যা আগে ছিল ৮০০ টাকা) পাবেন। এছাড়াও আরও বেশকিছু ক্ষেত্রে কর্মকর্তা-কর্মচারীদের সম্মানিসহ আনুষঙ্গিক ব্যয়ের হার পুনর্নির্ধারণ করা হয়েছে।
খুলনা গেজেট/এএজে

