থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলের মুকদাহান প্রদেশে বৌদ্ধ ধর্মীয় পদযাত্রায় অংশ নেওয়া সন্ন্যাসীদের ওপর একটি পিকআপ ট্রাক উঠে গেলে অন্তত আটজন সন্ন্যাসী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জনের বেশি। বৃহস্পতিবার (২ জুলাই) পুলিশ ও স্বাস্থ্য কর্মকর্তারা জানান, ৩৫ জন সন্ন্যাসী এবং পাঁচজন সাধারণ অনুসারী ধর্মীয় তীর্থযাত্রার অংশ হিসেবে সড়কের পাশে হেঁটে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সন্ন্যাসী ফ্রা সোমপং জানান, তিনি একটি পিকআপ ট্রাককে তাদের দিকে এগিয়ে আসতে দেখেছিলেন। তখন তিনি ‘বুদ্ধো, বুদ্ধো’ মন্ত্র জপ করছিলেন। হঠাৎ ট্রাকটি দ্রুতগতিতে এসে শোভাযাত্রার ওপর উঠে যায়।
তিনি বলেন, ‘আমি ও আরেকজন সন্ন্যাসী সময়মতো লাফ দিয়ে সরে যেতে পেরেছিলাম। তবে সামনের কয়েকজন বেঁচে গেলেও পেছনের অনেককে ট্রাকটি সজোরে ধাক্কা দেয় এবং তারা ছিটকে পড়ে।’
পুলিশ জানায়, ঘটনাস্থলেই পাঁচজন সন্ন্যাসীর মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজন মারা যান।
প্রাথমিক তদন্তে জানা গেছে, পিকআপটি চালাচ্ছিল ১১ বছর বয়সী এক শিশু, যে তার বাবা-মায়ের গাড়ি নিয়ে বের হয়েছিল। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।
খুলনা গেজেট/রুএ

