মেক্সিকোর পশ্চিম উপকূলীয় এলাকায় কয়েক ঘণ্টার ব্যবধানে তিনটি ভূমিকম্প আঘাত হেনেছে। এর মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটি ছিল ৬ মাত্রার।
ভূমিকম্পগুলোর উৎপত্তিস্থল ছিল মেক্সিকোর সিনালোয়া অঙ্গরাজ্যের এল প্রোগ্রেসো ও টোপোলোবাম্পো উপকূলসংলগ্ন প্রশান্ত মহাসাগরীয় এলাকা। তিনটি ভূমিকম্পই ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে উৎপন্ন হয়েছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, সবচেয়ে শক্তিশালী ৬ মাত্রার ভূমিকম্পটি স্থানীয় সময় মঙ্গলবার দুপুর ১২টা ৪৫ মিনিটে এল প্রোগ্রেসো থেকে প্রায় ৭৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে আঘাত হানে।
পরে স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২৯ মিনিটে টোপোলোবাম্পো থেকে প্রায় ৫৯ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে ৪.৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে।
এরপর স্থানীয় সময় মঙ্গলবার রাত ৮টা ১ মিনিটে একই এলাকার কাছাকাছি ৫.৩ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়। এর উপকেন্দ্র ছিল এল প্রোগ্রেসো থেকে প্রায় ৯৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে।
প্রাথমিকভাবে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। এছাড়া তাৎক্ষণিকভাবে হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবরও পাওয়া যায়নি।
প্রশান্ত মহাসাগরীয় রিং অব ফায়ারের অংশ হওয়ায় মেক্সিকো বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। এ কারণে দেশটির বিভিন্ন অঞ্চলে মাঝেমধ্যেই মাঝারি থেকে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়।
খুলনা গেজেট/এনএম

