বৃহস্পতিবার । ২৫শে জুন, ২০২৬ । ১১ই আষাঢ়, ১৪৩৩
আবুধাবি-ফুজাইরাহ ইতিহাদ রেল চালু হচ্ছে ৩০ জুন

আরব আমিরাতে রেল যুগের সূচনা

ফরহাদ হুসাইন, আমিরাত প্রতিনিধি

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সংযুক্ত আরব আমিরাত আনুষ্ঠানিকভাবে যাত্রীবাহী রেল পরিষেবার দ্বার উন্মোচিত করতে চলেছে। আগামী ৩০ জুন থেকে ইতিহাদ রেলের আবুধাবি-ফুজাইরাহ রুটে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হবে। সংযুক্ত আরব আমিরাতের ইতিহাসে এটি একটি মাইলফলক ঘটনা, যা উপসাগরীয় অঞ্চলে আধুনিক রেল যোগাযোগ ব্যবস্থার নতুন অধ্যায় রচনা করবে।

গতকাল আবুধাবির ক্রাউন প্রিন্স এবং আবুধাবি এক্সিকিউটিভ কাউন্সিলের চেয়ারম্যান শেখ খালিদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান আবুধাবির মোহাম্মদ বিন জায়েদ সিটিতে নবনির্মিত যাত্রী ট্রেন স্টেশন উদ্বোধন করেন এবং এই ঐতিহাসিক ঘোষণা দেন। উদ্বোধনের সময় তাঁকে স্টেশনের অত্যাধুনিক অবকাঠামো, তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি, ব্যস্ত সময়ে যাত্রী ব্যবস্থাপনার কৌশল এবং ভবিষ্যৎ সম্প্রসারণ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত অবহিত করা হয়।

রুট ও স্টেশন তথ্য

প্রথম পর্যায়ে আবুধাবি ও ফুজাইরাহর মধ্যে ট্রেন চলবে। আবুধাবির স্টেশনটি মোহাম্মদ বিন জায়েদ সিটির ME-10 এলাকায় এবং ফুজাইরাহর স্টেশনটি আল হিলাল সিটিতে অবস্থিত। এই রুটে যাত্রার সময় মাত্র ১ ঘণ্টা ৪৫ মিনিট, যা সড়কপথের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম।

ইতিহাদ রেল ঘোষিত সম্প্রসারণ পরিকল্পনা অনুযায়ী ধাপে ধাপে সারা দেশে রেল নেটওয়ার্ক ছড়িয়ে পড়বে:

৩০ জুন,আবুধাবি ও ফুজাইরাহ রুট চালু (প্রথম পর্যায়)
৩০ সেপ্টেম্বর, ২০২৬ দুবাই ও আল দাইদ স্টেশন উদ্বোধন (দ্বিতীয় পর্যায়)
৩০ ডিসেম্বর, আল দাফরা অঞ্চলের স্টেশনসমূহ চালু (তৃতীয় পর্যায়)
৩০ মার্চ, ২০২৭ শারজাহ স্টেশন চালুর মাধ্যমে পূর্ণ নেটওয়ার্ক সম্পন্ন (চতুর্থ পর্যায়)

ভাড়া ও টিকিট ব্যবস্থা

৪০০ জন যাত্রী ধারণ ক্ষমতা সম্পন্ন ১৩টি ট্রেনের বহর নিয়ে এই পরিষেবা চালু হচ্ছে। যাত্রীরা দুটি শ্রেণিতে ভ্রমণ করতে পারবেন:
কমফোর্ট ক্লাস: ৫৫ দিরহাম থেকে শুরু
প্রিমিয়াম ক্লাস: ১২০ দিরহাম থেকে শুরু
গত ২৩ জুন, ২০২৬ থেকে ইতিহাদ রেলের অ্যাপ ও অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে টিকিট বুকিং শুরু হয়েছে।

যাত্রী সুবিধা ও আধুনিক অবকাঠামো

যাত্রী ট্রেন স্টেশনগুলোতে ক্যাফে, রেস্তোরাঁ, খুচরা দোকান এবং আন্তর্জাতিক ব্র্যান্ডের সুবিধা রাখা হয়েছে। এছাড়া ট্রেনের ভেতরেও খাবারের ব্যবস্থা থাকবে, যা যাত্রাকে আরামদায়ক ও উপভোগ্য করে তুলবে। স্মার্ট যাত্রী ব্যবস্থাপনা সিস্টেম নিশ্চিত করবে যে ব্যস্ততম সময়েও যাত্রীরা যানজটমুক্তভাবে যাতায়াত করতে পারবেন।

২০২১ সালে সংযুক্ত আরব আমিরাতের ঐতিহাসিক ‘পঞ্চাশ প্রকল্প’-এর অংশ হিসেবে জাতীয় রেলওয়ে কর্মসূচি ঘোষণা করা হয়। মাত্র পাঁচ বছরের কম সময়ে প্রকল্পটি বাস্তব রূপ নেওয়া দেশটির অবকাঠামো উন্নয়নের অসাধারণ সক্ষমতার প্রমাণ। নির্ধারিত সময়ের আগেই প্রকল্প সম্পন্ন হওয়ায় সরকারি ও বেসরকারি মহলে ব্যাপক প্রশংসা অর্জিত হয়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, এই রেল নেটওয়ার্ক উপসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক সংযোগ, পর্যটন এবং দৈনন্দিন যাতায়াত ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনবে এবং ভবিষ্যতে পুরো গাল্ফ অঞ্চলে রেল পরিষেবা বিস্তারের পথ তৈরি করবে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন