শনিবার । ২০শে জুন, ২০২৬ । ৬ই আষাঢ়, ১৪৩৩

যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া ইসরায়েল চূর্ণ-বিচূর্ণ হয়ে যেত: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক ও কৌশলগত সহায়তা ছাড়া ইসরায়েল মধ্যপ্রাচ্যে টিকে থাকতে পারত না। তার দাবি, ওয়াশিংটনের সমর্থন না থাকলে ইসরায়েল ‘চূর্ণবিচূর্ণ’ হয়ে যেত। শুক্রবার (১৯ জুন) যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে এসব কথা বলেন তিনি।

প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতার পেছনে যুক্তরাষ্ট্রের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘আমার হস্তক্ষেপ না থাকলে ইসরায়েল চূর্ণ হয়ে যেত। ওয়াশিংটন উন্নত অস্ত্র ব্যবস্থা, আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্ক এবং বি-২ বোমারু বিমানসহ গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম সরবরাহ করে থাকে ইসরায়েলকে।’

ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তার সম্পর্ককে ইতিবাচক হিসেবেও বর্ণনা করেছেন এবং ইসরায়েলি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ওয়াশিংটনের প্রভাবের কথা তিনি স্বীকার করেছেন। এছাড়া নেতানিয়াহু তার সঙ্গে ভালোভাবে কাজ করেছেন বলেও জানিয়েছেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, ইসরায়েল তাকে অত্যন্ত সম্মান করে এবং তার পরামর্শ শোনে। মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রচেষ্টা সত্ত্বেও ইসরায়েল লেবাননে সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে।

এর আগে চলতি মাসে ট্রাম্প জানিয়েছিলেন, লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলায় ক্ষুব্ধ হয়ে তিনি নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কঠোর ভাষায় কথা বলেছেন। শুক্রবার স্থানীয় সময় বিকেল ৪টায় ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা থাকলেও, ঠিক সেই সময়ই দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি বিমান হামলার খবর পাওয়া যায়।

লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলে শুক্রবার ইসরায়েলি হামলায় নারী ও শিশুসহ অন্তত ৪৭ জন নিহত হয়েছেন বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকে লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধ অবিলম্বে বন্ধ করার কথা বলা হয়েছে। তবে শান্তি আলোচনার বাইরে থাকা ইসরায়েল ওই সমঝোতা থেকে নিজেদের দূরে সরিয়ে রেখেছে এবং দক্ষিণ ও পূর্ব লেবাননের আবাসিক এলাকাগুলোতে অব্যাহত রেখেছে হামলা।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন