শুক্রবার । ১৯শে জুন, ২০২৬ । ৫ই আষাঢ়, ১৪৩৩

সুইজারল্যান্ড যাচ্ছেন না ভ্যান্স, স্থগিত যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সুইজারল্যান্ড সফর পিছিয়েছে। এ ঘটনায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন দফার সরাসরি আলোচনা স্থগিত হয়ে পড়েছে। শুক্রবার (১৯ জুন) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার গভীর রাতে হোয়াইট হাউস বলেছে, ভ্যান্স আলোচনার জন্য সুইজারল্যান্ড যাচ্ছেন না। এ ধরনের পরিস্থিতি কোনোভাবেই কাম্য ছিল না।

দুই দেশের মধ্যে সংঘাত অবসানের লক্ষ্যে একটি চুক্তির পর যুক্তরাষ্ট্র ইরানের ওপর থেকে নৌ-অবরোধ তুলে নেওয়ার ঠিক একদিন পর এই ঘোষণা এসেছে। চুক্তিতে লেবাননেও যুদ্ধ বন্ধের কথা উল্লেখ করা হয়েছিল। তবে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রাতভর ইসরায়েলি বিমান হামলায় দক্ষিণ লেবাননে অন্তত ১৮ জন নিহত হয়েছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, হামলায় হিজবুল্লাহকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এতে ইসরায়েলেরও চার সেনা নিহত হয়েছে।

ইসরায়েলের বিমান হামলার কারণেই আলোচনা স্থগিত হয়েছে বলে দাবি করেছে হিজবুল্লাহর ঘনিষ্ঠ সংবাদমাধ্যম। হোয়াইট হাউসের বিবৃতির কয়েক ঘণ্টা আগেই তারা এ দাবি করেছে।

চলতি সপ্তাহের শুরুতে দুপক্ষের মধ্যে স্বাক্ষরিত চুক্তির পরবর্তী ধাপ নিয়ে আলোচনার জন্য সুইজারল্যান্ডে বৈঠকের আয়োজন করা হয়েছিল। তবে ওয়াশিংটন বলছে, আলোচনার পরিকল্পনা এখনো ‘চূড়ান্ত হয়নি’। যুক্তরাষ্ট্র যত দ্রুত সম্ভব এই কারিগরি আলোচনা শুরু করার অপেক্ষায় রয়েছে।

বুর্গেনস্টক মাউন্টেন রিসোর্টে হতে যাওয়া এই আলোচনা ‘স্থগিত’ করা হয়েছে বলে নিশ্চিত হয়েছে সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা জানিয়েছে, আলোচনার প্রস্তুতি এখনো অব্যাহত রয়েছে।

বিবিসি বলছে, আলোচনার মূল লক্ষ্য ছিল সমঝোতা স্মারক বাস্তবায়ন করা এবং ইরানের পারমাণবিক কর্মসূচিসহ দীর্ঘমেয়াদি ইস্যুগুলো নিয়ে আলোচনা শুরু করা। ১৪ দফার এ চুক্তিকে হরমুজ, ইরান পারমাণবিক কর্মসূচি, পুনর্গঠনে তহবিল এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বলেছেন, ‘ভিন্ন মত’ থাকা সত্ত্বেও তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে এই চুক্তিতে অনুমোদন দিয়েছেন। ট্রাম্প ‘বেপরোয়া হয়ে সব ধরনের চাপ প্রয়োগ করে’ এটি ঘটিয়েছেন।

তিনি বলেন, ভবিষ্যতে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে ‘সরাসরি আলোচনা’ হবে। তবে আলোচনার মানেই ‘শত্রুর অবস্থান’ মেনে নেওয়া নয়।

প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তিতে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যকার যুদ্ধসহ সব ফ্রন্টেই যুদ্ধবিরতি কার্যকরের কথা রয়েছে। তবে চুক্তির পরও লেবাননে ইসরায়েলের হামলায় অন্তত ১৮ জন নিহত ও ৩৩ জন আহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ ঘটনাকে যুদ্ধের সবচেয়ে ভয়াবহ হামলাগুলোর একটি হিসেবে বর্ণনা করেছে। তবে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বলছে, হিজবুল্লাহর অবকাঠামো এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের লক্ষ্যবস্তু করে হামলা চালানো হয়েছে।

সূত্র: বিবিসি

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন