শুক্রবার । ১৯শে জুন, ২০২৬ । ৫ই আষাঢ়, ১৪৩৩

ইরাক ম্যাচের আগে নতুন ভূমিকায় এমবাপে

ক্রীড়া প্রতিবেদক

বিশ্বকাপে দুর্দান্ত শুরু পেয়েছে গত আসরে ফাইনাল খেলা ফ্রান্স। সেনেগালের বিপক্ষে প্রথম ম্যাচে ৩-১ গোলে জিতেছে দ্য ব্লুজরা। এবার গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে ইরাকের মুখোমুখি হচ্ছে ফ্রান্স। সেই ম্যাচের নামার আগে নতুন ভূমিকায় দলটির সবচেয়ে বড় তারকা কিলিয়ান এমবাপে।

বিশ্বকাপের প্রথম ম্যাচে সেনেগালের বিপক্ষে জোড়া গোল করে দলকে জয় এনে দেন এমবাপে। সেই ম্যাচে যারা মাঠে নামার সুযোগ পাননি, তাদের নিয়ে আলাদা অনুশীলন সেশন আয়োজন করেছে ফ্রান্স। সতীর্থদের অনুশীলন পর্যবেক্ষণে এবার যেন ভিডিও বিশ্লেষকের ভূমিকায় রিয়াল তারকা।

নিজ দলের অনুশীলন সেশন দেখতে বিশ্লেষকের মতো উঁচু মাচায় অবস্থান নেন এমবাপে। এই ফরোয়ার্ডকে দেখে এক ক্যামেরাম্যান মজা করে বলেন, ‘তুমি তো দলের চতুর্থ ভিডিও বিশ্লেষক!’ জবাবে ফরাসি তারকা বলেন, ‘ভালোভাবে দেখার জন্যই এখানে এসেছি।’

বিশ্লেষকের মতো উঁচু জায়গা থেকে অনুশীলন দেখার ব্যাখ্যায় এমবাপে বলেন, ‘আমার সতীর্থরা যেখানে দাঁড়িয়ে আছে, সেখান থেকে ঠিকমতো দেখা যায় না। আমি তাদের গতিবিধি পর্যবেক্ষণ করতেই এখানে উঠেছি, যেন আমি নতুন কিছু শিখতে পারি।’

বিশ্বকাপের শুরুটাও দারুণ হয়েছে এমবাপের। সেনেগালের বিপক্ষে জোড়া গোল করে বিশ্বকাপে এখন তার গোলসংখ্যা ১৪। একই সঙ্গে তিনি এখন ফ্রান্সের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা। আগামী ২২ জুন ইরাকের বিপক্ষে জয় পেলে নকআউট পর্ব প্রায় নিশ্চিত করে ফেলবে এমবাপেরা।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন