আগামীকাল বুধবার রাতে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করতে যাচ্ছে ইংল্যান্ড। বিশ্বকাপের ঠিক একদিন আগে বড় ধাক্কা খেয়েছে ইংলিশরা। চোটের কারণে বৈশ্বিক এ টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন ইংলিশ ডিফেন্ডার টিনো লিভরামেন্টো।
নিউক্যাসল ডিফেন্ডারের ছিটকে যাওয়ায় বিশ্বকাপ ভাগ্য খুলেছে ট্রেভো চালোবাহর। লিভরামেন্টোর জায়গায় ইংল্যান্ডের বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন চেলসি ডিফেন্ডার। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)।
ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনের প্রতিবেদন অনুসারে, গত রবিবার অনুশীলনে কাফ মাংসপেশিতে চোট পান লিভরামেন্টো। এই চোট থেকে সেরে উঠতে ২৩ বছর বয়সী এ রাইটব্যাকের প্রায় ৬ সপ্তাহ লাগতে পারে। এ কারণে লিভরামেন্টোর বদলি হিসেবে চালোবাহকে দলে অন্তর্ভুক্ত করে ইংল্যান্ড।
বিবৃতিতে এফএ বলেছে, ‘চেলসি ডিফেন্ডারকে এরইমধ্যে কানসাস সিটিতে ইংল্যান্ড দলের বেস ক্যাম্পে নিয়ে আসার ব্যবস্থা করা হচ্ছে। দলের বাকি সদস্যরা ক্রোয়েশিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ খেলতে আগামীকাল বুধবার টেক্সাসের ডালাসে যাবে।’
ফিফার নিয়ম অনুযায়ী, বিশ্বকাপে অংশ নেওয়া কোনো দল তাদের প্রথম ম্যাচ শুরুর ২৪ ঘণ্টা আগ পর্যন্ত স্কোয়াডে পরিবর্তন আনতে পারে। সেই সুবিধা কাজে লাগিয়েই যে চালোবাহকে দলে নিয়েছে ইংল্যান্ড, সেটাও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।
বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে লিভরামেন্টোর ছিটকে যাওয়া ইংল্যান্ডের জন্য বড় ধাক্কা হিসেবেই বিবেচনা করছে ব্রিটিশ সংবাদমাধ্যমগুলো। বিশেষ করে লেফট ও রাইট- দুই পাশেই ফুলব্যাক হিসেবে খেলতে পারেন লিভরামেন্টো।
নিউক্যাসল তারকা ছিটকে যাওয়ায় ধারণা করা হয়েছিল, এতে বিশ্বকাপের দরজা খুলতে পারে ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড, ফিকায়ো তোমোরি, লুইস হল কিংবা হ্যারি ম্যাগুয়ারের মধ্যে কারও। কিন্তু তাঁদের সবাইকে ছাপিয়ে টমাস টুখেল ডাকেন ইংল্যান্ডের জার্সিতে এ পর্যন্ত এক ম্যাচ খেলা চালোবাহকে।
খুলনা গেজেট/এএজে

