সোমবার । ১৫ই জুন, ২০২৬ । ১লা আষাঢ়, ১৪৩৩

বিশ্বকাপে নামার আগে টর্নেডোর কবলে আর্জেন্টিনা দল

ক্রীড়া প্রতিবেদক

বিশ্বকাপ শুরুর আগে যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে টর্নেডো ও তীব্র ঝড়ের আতঙ্কে পড়েছে আর্জেন্টিনা ফুটবল দল। স্থানীয় কর্তৃপক্ষ জরুরি সতর্কতা জারি করলেও পরিস্থিতি নিয়ে খুব একটা উদ্বিগ্ন দেখা যায়নি লিওনেল মেসিদের। বরং দুর্যোগের মধ্যেও বেশ স্বাভাবিক ও প্রাণবন্ত সময় কাটাতে দেখা গেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের।

স্থানীয় সময় শনিবার রাতে কানসাস সিটি ও আশপাশের এলাকায় তীব্র ঝড়ো হাওয়া ও বজ্রঝড়ের আশঙ্কায় সতর্কতা জারি করে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তর। বাসিন্দাদের মুঠোফোনে পাঠানো জরুরি বার্তায় নিরাপদ স্থানে আশ্রয় নেওয়া এবং জানালা থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়।

ঠিক সেই সময় আর্জেন্টিনা দলের খেলোয়াড়েরা রাতের খাবারের প্রস্তুতি নিচ্ছিলেন। হঠাৎ করেই সবার ফোনে একসঙ্গে বেজে ওঠে সতর্কবার্তা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঘণ্টায় প্রায় ১২৮ কিলোমিটার বেগে ঝড়ো বাতাস বয়ে যেতে পারে এবং তা মানুষের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে। যদিও শেষ পর্যন্ত সম্ভাব্য টর্নেডোটি কানসাস সিটির কেন্দ্রস্থলে সরাসরি আঘাত হানেনি। তবে প্রবল বাতাসের কারণে কিছু এলাকায় সামান্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

বৈরী আবহাওয়ার সম্ভাবনা আগে থেকেই জানত আর্জেন্টিনা দলের ব্যবস্থাপনা। তাই আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচের প্রস্তুতির অংশ হিসেবে নির্ধারিত অনুশীলনের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছিল।

ক্যাম্পের বাইরে যখন ঝড়ের আশঙ্কা, ভেতরে তখন ছিল ভিন্ন চিত্র। খেলোয়াড়েরা মেতে ওঠেন আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ‘আসাদো’ বা বারবিকিউ আয়োজনে। সেই মুহূর্তের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। আগুনে মাংস পোড়ানোর ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘সব বাধা উপেক্ষা করে। দিবু মার্তিনেজের এই রসিক পোস্ট দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। দুর্যোগের মধ্যেও দলের স্বাভাবিক ও ইতিবাচক মনোভাব দেখে স্বস্তি প্রকাশ করেছেন আর্জেন্টাইন সমর্থকেরা।

আগামী বুধবার আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে লিওনেল মেসির আর্জেন্টিনা।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন