সাবেক আইজিপি বেনজীর আহমেদের গ্রেপ্তারের বিষয়টিকে বাংলাদেশের পুলিশের নয়, বরং আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কৃতিত্ব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, বেনজীরকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় নেয়া এবং তার উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে পারলেই সেটি হবে প্রকৃত অর্জন।
রবিবার (১৪ জুন) রাত ৮টায় সিলেট সার্কিট হাউজে ১১ দলীয় নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মতবিনিময় সভায় ১১ দলীয় জোটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জামায়াত আমির বলেন, বেনজীর আহমেদ ছিলেন একজন মাস্টারমাইন্ড। তিনি শুধু দায়িত্বে থাকাকালীনই নন, ৫ আগস্টের পরও দেশে অস্থিরতা তৈরির নানা কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। তাকে দেশে ফিরিয়ে আনা সরকারের সদিচ্ছার ওপর নির্ভর করছে।
এ সময় ভারত থেকে বাংলাদেশে পুশইন ইস্যু নিয়েও কথা বলেন তিনি। ডা. শফিকুর রহমান অভিযোগ করে বলেন, পুশইন ইস্যুতে সংসদে আলোচনা না করার জন্য আমাকে অনুরোধ করা হচ্ছে। কিন্তু এটি একটি জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়। এ নিয়ে আলোচনা আমি করে যাবোই।
প্রসঙ্গত, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা একটি মামলার প্রেক্ষাপটে ইন্টারপোলের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
খুলনা গেজেট/এএজে

