সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে ৫০ লাখ দিরহাম মূল্যের একটি স্বর্ণের পোশাক প্রদর্শিত হচ্ছে। এরইমধ্যে পোশাকটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে। আর বহুল মূল্যের সেই পোশাকটির দাম বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬ কোটি ৭৪ লাখ টাকা।
সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, শারজাহ ওয়াচ অ্যান্ড জুয়েলারি মিডল ইস্ট শো-২০২৬ নামের একটি প্রদর্শনী অনুষ্ঠানে আসা দর্শনার্থীদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু হচ্ছে স্বর্ণের সেই পোশাক। যেটি তৈরি করেছে আল রোমাইজান গোল্ড অ্যান্ড জুয়েলারি। এটি প্রথমবারের মতো শারজাহ এক্সপো সেন্টারে দর্শনার্থীদের জন্য প্রদর্শিত হচ্ছে।
পোশাকটিতে ২১ ক্যারেট নিখাদ স্বর্ণ ১০ কেজিরও বেশি ব্যবহার করা হয়েছে। বিলাসবহুল কারুশিল্প ও রেকর্ড মূল্যের এই পোশাকটি অঞ্চলটির জুয়েলারিশিল্পের প্রসার ও বিশাল অর্জনের ইঙ্গিত প্রদান করছে।
প্রতিবেদন অনুযায়ী, রবিবার (১৪ জুন) প্রদর্শনী শেষ হচ্ছে। এই প্রদর্শনীতে দেশীয় ও আন্তর্জাতিক শীর্ষস্থানীয় বিভিন্ন জুয়েলারি ব্র্যান্ড অংশ নিয়েছে। ব্র্যান্ডগুলো সংগ্রাহক ও শৌখিন গ্রাহকদের জন্য দুর্লভ স্বর্ণালংকার ও নতুন সব ডিজাইনের বিশেষ পণ্য প্রদর্শন করছে।
প্রদর্শনীতে সালেম শুয়েবি জুয়েলারি আমিরাতি ডিজাইনার শাম্মা আল হাল্লামির সঙ্গে যৌথভাবে ‘আউরা মুসা’ এবং ‘শেখা হিন্দ’ সিরিজের ৫০০টির বেশি নতুন হীরার ডিজাইন প্রদর্শন করেছে। আবার আল আরাবিয়া জুয়েলারি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস স্বীকৃত নানা শিল্পকর্ম উপস্থাপন করেছে। এরমধ্যে অন্যতম হচ্ছে ‘ইউনিয়ন ফ্রেম’। যাতে সংযুক্ত আরব আমিরাতের সাতটি প্রতীক একটি মাত্র নকশায় ফুটিয়ে তোলা হয়েছে।
এছাড়া জাওহারা জুয়েলারি ১৮ ক্যারেট সোনা ও হীরা, রুবি, পান্না ও নীলকান্তমণিসমৃদ্ধ ‘পাম’ কালেকশনসহ মুক্তা ও কাস্টম ব্রাইডাল সেটের বিভিন্ন জিনিস প্রদর্শন করেছে।
খুলনা গেজেট/এএজে

