শনিবার । ৬ই জুন, ২০২৬ । ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩

অপু-বুবলী দুজনেই অতীত, বলেছিলেন শাকিব

বিনোদন ডেস্ক

সর্বশেষ কন্যা সন্তানের বাবা হয়ে পূর্ণতা পেলেন মেগাস্টার শাকিব খান। চিত্রনায়িকা শবনম বুবলী সদ্যই জানালেন সে খবর; তাদের ঘর আলো করে এসেছে দ্বিতীয় সন্তান। সব মিলিয়ে বর্তমানে মোট তিন সন্তানের বাবা মেগাস্টার শাকিব খান।

শাকিব খানের প্রথম স্ত্রী অপু বিশ্বাসের ঘরে রয়েছে এক সন্তান- আব্রাম খান জয়। এরপর দ্বিতীয় স্ত্রী বুবলীর ঘরে সন্তান শেহজাদ খান বীর-এর বাবা হন শাকিব খান। এবার একই ঘরে কন্যা সন্তানের বাবা হয়ে তৃতীয় সন্তানের বাবা হলেন শাকিব খান। সদ্যোজাতের নাম রাখা হয়েছে শাকিব খানের সঙ্গে মিল রেখেই- শারলিন খান।

বছর কয়েক আগে দুই স্ত্রীর সঙ্গে শাকিব খানের ব্যাপক দূরত্ব দেখা যায়। গুঞ্জন ওঠে, দুই স্ত্রীর সঙ্গে কোনো যোগাযোগ নেই; বিচ্ছেদও নাকি হয়েছে তাদের। এখানেই থেমে থাকেনি গুঞ্জন, জল্পনা ওঠে শাকিব খানের তৃতীয় বিয়ে নিয়েও। এক ডাক্তার পাত্রীর সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল- শোনা যায় এমনটাই।

যখন নানা জল্পনায় কাটাছেড়া হয়ে ওঠে শাকিবের ব্যক্তিগত জীবন, তখন সংবাদ মাধ্যমে এ সমস্ত বিষয় নিয়ে বিস্তর মুখ খুলেছিলেন শাকিব খান। শাকিব খান বরাবরের মতোই একটা কথা বলতেন, অপু বিশ্বাস হোক কিংবা শবনম বুবলী- তারা নায়কের অতীত। তবে তার পুত্র সন্তানদের স্বার্থে অর্থাৎ নিজের সন্তানের মা হিসেবে তাদের সঙ্গে পরিমিত যোগাযোগ রাখা হয়।

সদ্য বুবলীর মা হওয়া কিংবা শাকিব খানের নতুন করে বাবা হওয়ার খবর সেই পুরোনো কথাগুলোকে ফের স্মরণ করে দিচ্ছে। ২০২৪ সালে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে দুই স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীর সঙ্গে দূরত্ব এবং নতুন বিয়ে নিয়ে নানা কথা বলেছিলেন শাকিব খান।

দুই স্ত্রী অতীত- এমনটা উল্লেখ করে শাকিব খান বলেছিলেন, জীবনটা একটা জার্নি। আমার এই ব্যক্তিগত জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো আঘাত দিয়েছে। কোনও ভাঙনই তো সুখের নয়। যতটুকু হয়েছে, হয়তো সেটুকুই হওয়ার ছিল। এই যাত্রায় অনেকের সঙ্গে দেখা হয়, পরিচয় হয়। আমার জীবনে দুজন (অপু-বুবলী) মানুষ অতীত, এটা আগেও বলেছি। অতীত হিসেবে তারা থাকুক।

শাকিব খান আরও বলেছিলেন, এসব নিয়ে আমার আক্ষেপ-ভ্রুক্ষেপ কিছুই নেই। যা হয়েছে হয়তো ভালোর জন্য হয়েছে। আমার দুই সন্তান, বাবা-মা, বোন ও তার পরিবার, কিছু কাছের আপন মানুষ তাদের সবাইকে নিয়ে আমি খুব ভালো আছি।

শাকিব খান যেন তখন এক নিঃসঙ্গ সময় কাটাচ্ছিলেন। তাই তৃতীয় বিয়ের প্রসঙ্গ উঠেছিল। তা নিয়ে শাকিবের ভাষ্য ছিল এমন, মানুষ একা থাকতে পারে না। আমার বাবা-মার যেহেতু বয়স হয়েছে, তারা তাদের সন্তানকে সংসারী হিসেবে দেখতে চান।

এদিকে, ২০২২ সালে একটি হিরের নাকফুল আর পুরোনো একটি ছবিকে ঘিরে সামাজিক মাধ্যমে কাদা ছোড়াছুড়িতে মেতে উঠেছিলেন অপু বিশ্বাস ও শবনম বুবলী। শোনা যায়, বুবলী নাকি শাকিব খানের কাছ থেকে একটি হিরের নাকফুল নিয়েছিলেন। আর তা ভালোভাবে নেন নি অপু বিশ্বাস। ফেসবুকে পাল্টাপাল্টি পোস্ট দেন দুজনেই। আবার এও শোনা যায়, অতীতের ভুল বুঝতে পেরে অপু বিশ্বাস আবার শাকিব খানের জীবনে ফেরার চেষ্টা করছিলেন। সন্তান জয়ের কারণে অপু বিশ্বাস যাওয়া-আসা করতেন শাকিব খানের গুলশানের বাসায়। এ খবর আবার বুবলীর কানে পৌঁছালে তা আবার বুবলী ভালোভাবে নেননি। এ সকল ইস্যু নিয়েই তাদের চলতো প্রকাশ্য দ্বন্দ্ব।

এ ঘটনাগুলো ব্যাপকভাবে বিব্রত করত শাকিব খানকে। সে প্রসঙ্গে কথা বলতে গিয়ে শাকিব খান বলেই ফেলেছিলেন, একটা কথা নিশ্চিত করে বলতে চাই, অপু বিশ্বাস ও বুবলী দুজনেই এখন আমার কাছে অতীত। তাদের সঙ্গে কোনো অবস্থায় আমার সম্পর্ক জোড়া লাগার সম্ভাবনা নেই।

কিন্তু মেগাস্টারের কথার যেন ‘বরখেলাপ’ ঘটে এসব আলোচনার কয়েক বছরের মাঝেই। অপু বিশ্বাস ও শবনম বুবলী- দুজনের বাড়িতে আসা যাওয়ার ইঙ্গিত মেলে শাকিব খানের। বিশেষ করে দুই ছেলের যখন জন্মদিন থাকে, তখন তাদের জন্মদিনের কেক কাটতেই অপু বিশ্বাস কিংবা কখনো বুবলীর বাসায় যেতেন শাকিব খান।

শুধু তাই নয়, গত বছর অপু-বুবলী দুজনকেই সঙ্গ দেন শাকিব খান। ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, একটি শপিং মল থেকে ছেলে আব্রাম খান জয়ের হাত ধরে গাড়িতে উঠছেন শাকিব খান, সঙ্গে অপু বিশ্বাস। এখানেই শেষ নয়। যুক্তরাষ্ট্র সফরে গত বছর শবনম বুবলী ও তাদের সন্তান শেহজাদ খান বীরের সঙ্গে দেখা যায় তাদের। বেশ কিছু ছবি প্রকাশ করেন তারা, কাটান আনন্দময় মুহূর্ত।

এর মাস ছয়েক পরে গুঞ্জন ওঠে, দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছেন বুবলী। স্বাভাবিকভাবেই নেটিজেনরা ধারণা করে বসেন, সেই সন্তানের বাবা হবেন শাকিব খান। জানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সত্যি হলো তা। কন্যা সন্তানের বাবা হলেন শাকিব খান।

কিন্তু, এই সুসংবাদের মাঝে শাকিব খানের অতীতের কয়েকটি কথার কতটা ‘বরখেলাপ’ হলো, তা নিয়েই এখন মাথা ঘামাচ্ছেন তাদের ভক্তরা।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন