ভারতের রাজধানী দিল্লিতে একটি পাঁচতলা ভবন ভেঙে পড়ে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। শনিবার (৩০ মে) শহরের মেহরৌলি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজন আটকে থাকার আশঙ্কায় এখনো উদ্ধারকাজ চলছে।
প্রত্যক্ষদর্শীদের মতে, হঠাৎ করেই পাঁচতলা ওই পুরোনো বাড়িটি ভেঙে পড়ে। ধসে পড়া বাড়ির কিছু অংশ পাশের একটি কাঠামোর ওপর গিয়ে পড়ে, যেখানে মেডিকেল পড়ুয়া শিক্ষার্থীদের একটি খাবারঘর ছিল। ফলে একাধিক মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন।
খবর পেয়ে মেহরৌলি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, জেলা বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, দমকল বিভাগ এবং দিল্লি পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে।
উদ্ধার হওয়া কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়াদের খোঁজে তল্লাশি চলছে, তবে এখনো পর্যন্ত নিহতদের কাউকে শনাক্ত করা যায়নি।
নিখোঁজদের আত্মীয় ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নিখোঁজদের খোঁজ জানতে চাইলেও প্রশাসনের কাছ থেকে কোনো সদুত্তর পাওয়া যাচ্ছে না।
স্থানীয় বাসিন্দাদের দাবি, পুলিশের আগেই স্থানীয়রা উদ্ধারকাজে এগিয়ে এসে ৩ জনকে উদ্ধার করেছেন, অথচ পুলিশ উদ্ধার করেছে মাত্র দুজনকে।
তাঁরা আরও জানান, বাড়িটি ঝুঁকিপূর্ণ অবস্থায় নির্মিত হচ্ছিল, কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। ব্যবস্থা নিলে আজ এই পরিণতি দেখতে হতো না।
পুলিশ জানিয়েছে, উদ্ধার অভিযান শেষ হওয়ার পর ভবনটির মালিকানা, নির্মাণকাজের অনুমোদন এবং কোনো ধরনের অবহেলা ছিল কি না, তা তদন্ত করে দেখা হবে।
খুলনা গেজেট/এএজে

