গত ২৪ ঘণ্টায় রুশ বাহিনীর বিশেষ সামরিক অভিযানে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর প্রায় ১ হাজার ৩২০ সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। শনিবার (৩০ মে) রুশ বার্তা সংস্থা তাসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী, বিভিন্ন যুদ্ধক্ষেত্রে রুশ বাহিনীর অভিযানে ইউক্রেনের বড় সংখ্যক জনবলের ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে ‘নর্থ’ ব্যাটলগ্রুপের দায়িত্বাধীন এলাকায় প্রায় ২০০ জন, ‘ওয়েস্ট’ ব্যাটলগ্রুপের অভিযানে ১৮০ জনের বেশি, ‘সাউথ’ ব্যাটলগ্রুপের এলাকায় ৮৫ জনের বেশি, ‘সেন্টার’ ব্যাটলগ্রুপের এলাকায় ৩৪০ জনের বেশি, ‘ইস্ট’ দিকের যুদ্ধে ৪৫৫ জনের বেশি এবং ‘দনেপ্র’ ব্যাটলগ্রুপের দায়িত্বাধীন এলাকায় আরও ৬০ জন সেনা নিহত হয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গত ২৪ ঘণ্টায় ১০টি গাইডেড এয়ারিয়াল বোমা, একটি মার্কিন নির্মিত হিমার্স মাল্টিপল-লঞ্চ রকেট সিস্টেম প্রজেক্টাইল এবং ৩৫২টি ফিক্সড-উইং মনুষ্যবিহীন আকাশযান ভূপাতিত করেছে।
মন্ত্রণালয়ের দাবি, বিশেষ সামরিক অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত রুশ বাহিনী ইউক্রেনের মোট ৬৭১টি বিমান, ২৮৪টি হেলিকপ্টার, ১ লাখ ৫৩ হাজার ৬৮৪টি ড্রোন, ৬৬১টি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, ২৯ হাজার ৫৫০টি ট্যাংক ও অন্যান্য সাঁজোয়া যান, ১ হাজার ৭২৭টি বহুমুখী রকেট লঞ্চার, ৩৫ হাজার ১৩৬টি কামান ও মর্টার এবং ৬২ হাজার ৮৭৪টি বিশেষ সামরিক যান ধ্বংস করেছে।
এদিকে, ইউক্রেনের হামলার জবাবে দেশটির সামরিক বিমানঘাঁটি এবং জ্বালানি ও পরিবহন অবকাঠামোর ওপর সমন্বিত হামলা চালানোর কথাও জানিয়েছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, রাশিয়ার বেসামরিক স্থাপনায় ইউক্রেনের হামলার প্রতিক্রিয়ায় দূরপাল্লার উচ্চ-নির্ভুলতাসম্পন্ন স্থল ও আকাশভিত্তিক অস্ত্র এবং আক্রমণাত্মক ড্রোন ব্যবহার করে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর ব্যবহৃত সামরিক বিমানঘাঁটি, জ্বালানি, শক্তি ও পরিবহন অবকাঠামোতে চালানো হয়েছে হামলা। হামলার সব লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানার দাবিও করেছে মস্কো।
খুলনা গেজেট/এএজে

