হরমুজ প্রণালীর ব্যবস্থাপনায় কোনো সামরিক জাহাজ হস্তক্ষেপ করলে বা নৌ চলাচলে বাধা সৃষ্টি করলে তা লক্ষ্যবস্তু করা হবে বলে সতর্ক করেছে ইরান। শনিবার (৩০ মে) দেশটির সর্বোচ্চ যৌথ সামরিক কমান্ড খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স এ হুঁশিয়ারি দেয়।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবির প্রতিবেদনে বলা হয়, বর্তমানে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ইরানের সশস্ত্র বাহিনী পূর্ণ কর্তৃত্বের সঙ্গে পরিচালনা করছে।
বিবৃতিতে বলা হয়, প্রণালী দিয়ে চলাচলকারী সব বাণিজ্যিক জাহাজ, পণ্যবাহী জাহাজ ও তেলবাহী ট্যাংকারকে নির্ধারিত রুট ব্যবহার করতে হবে এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নৌবাহিনীর অনুমোদন নিতে হবে।
ইরান আরও জানিয়েছে, নির্ধারিত নিয়ম লঙ্ঘন করলে জাহাজগুলোর নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে। একই সঙ্গে বিদেশি সামরিক জাহাজগুলোকে হরমুজ প্রণালীর ব্যবস্থাপনায় হস্তক্ষেপ না করারও সতর্কবার্তা দেওয়া হয়েছে।
বিবৃতিতে বলা হয়, হরমুজ প্রণালীর ব্যবস্থাপনায় কোনো সামরিক জাহাজ হস্তক্ষেপ করার চেষ্টা করলে বা নৌ চলাচল ব্যাহত করলে ইরানের সশস্ত্র বাহিনী তা লক্ষ্যবস্তু করবে।
এর আগে শনিবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ইরানের দাবি প্রত্যাখ্যান করে বলেন, ‘হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতেই রয়েছে।’ তিনি দাবি করেন, চলমান আলোচনা ও সাম্প্রতিক পরিস্থিতি প্রমাণ করে যে কৌশলগত এ জলপথে যুক্তরাষ্ট্রই নিয়ন্ত্রণ বজায় রেখেছে।
উল্লেখ্য, ইরান ও ওমানের মধ্যবর্তী হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ। বৈশ্বিক তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবহনের বড় একটি অংশ এই পথ দিয়ে হয়ে থাকে।
খুলনা গেজেট/এনএম

