শনিবার । ৩০শে মে, ২০২৬ । ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

রাষ্ট্রীয় মর্যাদায় শাহরুজ্জামান মোর্ত্তজার দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, খুলনা মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি, খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি এবং বীর মুক্তিযোদ্ধা শাহরুজ্জামান মোর্ত্তজা আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (৩০ মে) ফজরের পর খুলনা নগরীর নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।

মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে দুপুর ২টায় তাঁর মরদেহ খুলনা মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে নেওয়া হয়। সেখানে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তাঁর মরদেহ দলীয় পতাকায় আচ্ছাদিত করা হয়।

বাদ আছর খুলনা শহীদ হাদিস পার্কে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে তাঁকে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করা হয়। পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকেও মরহুমের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।

জানাজায় খুলনা সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, খুলনা-৫ আসনের সংসদ সদস্য আলী আসগার লবি, খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান, খুলনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন হেলাল, বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, মহানগর জামায়াতের আমির অধ্যাপক মাহফুজুর রহমান, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষাবিদ, সাংবাদিক এবং সর্বস্তরের মানুষ অংশ নেন।

জানাজার আগে বিভিন্ন নেতা সংক্ষিপ্ত বক্তব্যে মরহুমের কর্মময় জীবন, রাজনৈতিক সংগ্রাম এবং সামাজিক অবদানের কথা স্মরণ করেন। তাঁরা তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

জানাজা শেষে টুটপাড়া কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

বিএনপি নেতৃবৃন্দের শোক
বীর মুক্তিযোদ্ধা শাহরুজ্জামান মোর্ত্তজার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আলহাজ রকিবুল ইসলাম বকুল এমপি, তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল এমপি, খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন এবং সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু ও চৌধুরী হাসানুর রশিদ মিরাজসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

শোকবার্তায় তাঁরা মরহুমের বর্ণাঢ্য রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক জীবনের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন