শনিবার । ৩০শে মে, ২০২৬ । ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

মুক্তির মাত্র একদিনেই ‘তোমাদের গল্প ২’-এর ৪ মিলিয়ন ভিউ, কাঁদছে দর্শক!

নিজস্ব প্রতিবেদক

বাস্তব জীবনের আবেগঘন গল্প নিয়ে সম্প্রতি মুক্তি পেয়েছে বিশেষ নাটক ‘তোমাদের গল্প ২’। ১ ঘণ্টা ৩৬ মিনিট ব্যাপ্তির এই নাটকটি মুক্তির মাত্র এক দিনেই প্রায় ৪০ লাখ (৪ মিলিয়ন) ভিউয়ের মাইলফলক স্পর্শ করেছে। শুধু ভিউয়ের সংখ্যায় নয়, দর্শকহৃদয়েও নাটকটি দারুণ জায়গা করে নিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই মন্তব্য করেছেন— নাটকটি দেখে তারা চোখের জল ধরে রাখতে পারেননি।

গল্পের বৈচিত্র্য, জনপ্রিয় তারকাদের উপস্থিতি এবং বাস্তবধর্মী উপস্থাপনার কারণে নাটকটি আলাদাভাবে দর্শকের নজর কেড়েছে। এর আগে গত রোজার ঈদে মুক্তি পেয়েছিল এই সিরিজের প্রথম নাটক ‘তোমাদের গল্প’। সে সময়ও নাটকটি বেশ সাড়া ফেলেছিল। সেই সাফল্যের ধারাবাহিকতায় নির্মাতা মোস্তফা কামাল রাজ এবার নিয়ে এসেছেন এর দ্বিতীয় খণ্ড।

জানা গেছে, ‘তোমাদের গল্প ২’ নাটকের বেশিরভাগ দৃশ্যের শুটিং করা হয়েছে ঢাকার পার্শ্ববর্তী গাজীপুরের মনোরম কিছু লোকেশনে। পাশাপাশি রাজধানীর বিভিন্ন ইনডোর স্টুডিও ও আবাসিক শুটিং স্পটেও দৃশ্যধারণ করা হয়েছে।

নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় জুটি ফারহান আহমেদ জোভান এবং তানজিম সায়রা তটিনী। মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত এই নাটকে জোভান-তটিনী ছাড়াও অভিনয় করেছেন একঝাঁক গুণী ও জনপ্রিয় শিল্পী। তাদের মধ্যে রয়েছেন— সাবেরী আলম, দিলারা জামান, মনিরা মিঠু, শিল্পী সরকার অপু, নাদের চৌধুরী, মাহমুদুল ইসলাম মিঠু, ইন্তেখাব দিনার ও দীপা খন্দকার।

নাটকটির মূল উপজীব্য গড়ে উঠেছে একটি পারিবারিক টানাপোড়েনকে কেন্দ্র করে। গল্পে দেখা যায়, বাবা-মায়ের অমতে বিয়ে করেছিলেন জোভানের বাবা-মা। এই জেদের কারণে উভয় পরিবারই তাদের সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করে। দীর্ঘ সময় পর জোভানের বিয়ের কথা পাকাপাকির সূত্র ধরে নানাবাড়ির সাথে পুনরায় যোগাযোগের চেষ্টা করা হয়।

নাটকের শুরুতে দেখা যায়, জোভানের পরিবার নানাবাড়িতে প্রবেশ করতে গেলে চরম অবহেলা ও বাধার সম্মুখীন হয়। সেখান থেকেই গল্পটি নানা আবেগ, দ্বন্দ্ব ও অভিমানের মধ্য দিয়ে সামনের দিকে এগিয়ে যায়। তবে নাটকের শেষে সব মান-অভিমানের দেয়াল ভেঙে যায় এবং পারিবারিকভাবে সবার মিলন ঘটে। বর্তমান সমাজের পারিবারিক ও পারিপার্শ্বিক এই বাস্তব অবস্থাকে অত্যন্ত সুন্দর ও নিখুঁতভাবে পর্দায় ফুটিয়ে তুলেছেন নির্মাতা।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন