‘ভূতের ভবিষ্যৎ’ খ্যাত পশ্চিমবঙ্গের জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা অনীক দত্ত আর নেই। পশ্চিমবঙ্গের জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা অনীক দত্তকে শেষ শ্রদ্ধা জানানো হচ্ছে কলকাতার সাংস্কৃতিক কেন্দ্র নন্দনে। একসময় যে প্রাঙ্গণে তার ছবি প্রদর্শন নিয়ে বিতর্ক ও মতবিরোধের ইতিহাস রয়েছে, মৃত্যুর পর সেখানেই তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে ভিড় করছেন সহকর্মী ও অনুরাগীরা।
ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা যায় বৃহস্পতিবার (২৮ মে) প্রথমে শোনা গিয়েছিল, তার মরদেহ রাখা হতে পারে এনটি ওয়ান স্টুডিওতে। তবে পরে সিদ্ধান্ত পরিবর্তন করে শুক্রবার (২৯ মে) নন্দন চত্বরে মরদেহ আনার সিদ্ধান্ত নেয়া হয়। পরিবার ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে সেখানে শেষ শ্রদ্ধা জানানোর আয়োজন করা হয়েছে।
গত বুধবার (২৭ মে) দুপুরে একটি বহুতল ভবনের ছাদ থেকে পড়ে রহস্যজনকভাবে মৃত্যু হয় এই নির্মাতার। পুলিশ সূত্রে জানা যায়, ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে। ময়নাতদন্তের প্রাথমিক প্রতিবেদনে শরীরের একাধিক স্থানে গুরুতর আঘাতের কথা উল্লেখ করা হয়েছে।
অনীক দত্তের মৃত্যুতে টালিউডে শোকের ছায়া নেমে এসেছে। তার কাজ, বিশেষ করে ‘অপরাজিত’ এবং ‘ভূতের ভবিষ্যৎ’ নিয়ে তিনি দর্শক ও সমালোচকদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিলেন।
‘অপরাজিত’ চলচ্চিত্রটি নিয়ে নন্দনে প্রদর্শনী সংক্রান্ত বিতর্কও হয়েছিল বলে অতীতে বিভিন্ন সময় উল্লেখ পাওয়া যায়। পাশাপাশি তার কিছু চলচ্চিত্রের প্রদর্শন ঘিরে প্রশাসনিক জটিলতার অভিযোগও উঠে এসেছিল, যা নিয়ে তখন শিল্পীমহলে আলোচনা তৈরি হয়েছিল। শেষ বিদায়ের এই আয়োজনে নন্দন চত্বর আজ শোক ও স্মৃতিতে ভারী। প্রিয় নির্মাতাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে সেখানে জড়ো হয়েছেন চলচ্চিত্রাঙ্গনের পরিচিত মুখ ও অসংখ্য অনুরাগী।
আর বৃহস্পতিবার (২৮ মে) পরিচালকের মরদেহ রাখা হয়েছিল ‘পিস ওয়ার্ল্ড’-এ। বিদেশে থাকা মেয়ের দেশে ফেরার অপেক্ষায় শেষকৃত্য স্থগিত রাখে পরিবার। এরপর শুক্রবার (২৯ মে) সকালে অনীক দত্তের মরদেহ নিয়ে যাওয়া হয় কলকাতার সাংস্কৃতিক প্রাণকেন্দ্র নন্দন চত্বরে। প্রিয় নির্মাতাকে শেষবারের মতো দেখতে সেখানে ভিড় জমান সহশিল্পী, সহকর্মী ও অসংখ্য অনুরাগী।
নন্দনের মূল ফটকের সামনে বড় ফ্রেমে রাখা হয় অনীক দত্তের ছবি। ফুলে ফুলে ভরে ওঠে চারপাশ। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী, প্রচণ্ড গরমের কারণে মরদেহ গাড়ি থেকে নামানো হয়নি। শ্রদ্ধা জানাতে আসা সবাই ছবির সামনেই ফুল ও মালা অর্পণ করেন।
শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন অভিনেত্রী লকেট চ্যাটার্জি, অঞ্জনা বসু, নির্মাতা সৃজিত মুখার্জি, প্রযোজক ফিরদৌসল হাসান, অভিনেত্রী পাপিয়া অধিকারীসহ টালিউডের অনেক পরিচিত মুখ। শুরু থেকেই পুরো বিষয়টির তত্ত্বাবধান করেন অভিনেতা ও সাংসদ রুদ্রনীল ঘোষ।
উল্লেখ্য, অনীক দত্তের মৃত্যু ঘিরে তৈরি হয়েছে রহস্য। এরই মধ্যে তার মৃত্যুর ঘটনায় একটি সুইসাইড নোট পাওয়ার খবরও প্রকাশ্যে এসেছে।
খুলনা গেজেট/এনএম

