সোমবার । ২৫শে মে, ২০২৬ । ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

হোয়াইট হাউসের কাছে গোলাগুলি, ভেতরে ছিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

হোয়াইট হাউসের কাছে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ভেতরে অবস্থান করছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের উপস্থিতিতে এমন ঘটনায় ওই এলাকায় ব্যাপক উত্তেজনা দেখা যায়।

শনিবার (২৩ মে) সন্ধ্যা ৬টার পর এক বন্দুকধারী হোয়াইট হাউসের নিরাপত্তায় থাকা সিক্রেট সার্ভিসের সদস্যদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়েন। হোয়াইট হাউস থেকে মাত্র এক ব্লক দূরে অবস্থিত ১৭তম স্ট্রিট এবং পেনসিলভানিয়া অ্যাভিনিউ এনডব্লিউর কাছে এ ঘটনা ঘটে। পরে সিক্রেট সার্ভিসের পাল্টা গুলিতে মারা যান বন্দুকধারী। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা (এফবিআই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স পোস্টে জানিয়েছে, ঘটনার পরপর সিক্রেট সার্ভিসের মাঠপর্যায়ের কর্মীরা তথ্যটি যাচাই-বাছাই করছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।

নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে সূত্রের বরাতে জানানো হয়েছে, বন্দুকধারীর নামনাসির বেস্ট (২১)। নর্থওয়েস্ট এলাকায় দীর্ঘক্ষণ ধরে অস্বাভাবিক চলাফেরা করছিলেন তিনি। এরপর সন্ধ্যা আনুমানিক ৬টা ১০ মিনিটে আচমকা একটি নিরাপত্তাচৌকি লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। তবে সে মাত্র কয়েকটি গুলি ছুড়তে পেরেছিল। তাৎক্ষণিকভাবে সেখানে কর্তব্যরত ফেডারেল নিরাপত্তা কর্মকর্তারা পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন। তাদের বুলেটের আঘাতে ঘটনাস্থলে ওই সশস্ত্র হামলাকারী যুবক নিহত হন।

হামলার পর এফবিআই পরিচালক কাশ প্যাটেল এক্স পোস্টে জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা গুলির এই ঘটনার বিষয়ে দ্রুত ব্যবস্থা নিচ্ছেন। পরিস্থিতি পর্যবেক্ষণ করে খুব শিগগির এই বিষয়ে বিস্তারিত ও সর্বশেষ তথ্য জানানো হবে। তবে এই চাঞ্চল্যকর ঘটনার বিষয়ে মেট্রোপলিটন পুলিশ বিভাগের কাছে জানতে চাওয়া হলে তারা তাৎক্ষণিকভাবে কোনো তথ্য দিতে রাজি হয়নি।

প্রেসিডেন্ট ট্রাম্পকে লক্ষ্য করে এটি প্রথম হামলার চেষ্টা নয়। মাত্র এক মাস আগে গত ২৫ এপ্রিল প্রেসিডেন্ট ট্রাম্পকে আরও একবার হত্যার চেষ্টা করা হয়েছিল। আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ওয়াশিংটনের হিলটন হোটেলে বার্ষিক হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের নৈশভোজে অংশ নেওয়ার সময় ক্যালিফোর্নিয়ার টরেন্সের বাসিন্দা কোল টমাস অ্যালেন নামের এক ব্যক্তি ট্রাম্পকে হত্যার চেষ্টা চালায়।

গত ৪ মে হোয়াইট হাউসের অদূরে ওয়াশিংটন মনুমেন্টের কাছে আরও একটি গুলির ঘটনা ঘটে। সেখানে কর্তব্যরত কর্মকর্তাদের লক্ষ্য করে গুলি চালানোর অপরাধে টেক্সাসের মিডল্যান্ডের বাসিন্দা ৪৫ বছর বয়সী মাইকেল মার্কসকে যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট কোর্টে অভিযুক্ত করা হয়। ওই ঘটনায় সিক্রেট সার্ভিসের কর্মকর্তারা সন্দেহভাজনকে লক্ষ্য করে গুলি ছুড়েন। এ ঘটনায় একজন কিশোর পথচারী আহত হন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন