বৃহস্পতিবার । ২১শে মে, ২০২৬ । ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

শনিবারও খোলা থাকবে সরকারি প্রাথমিক বিদ্যালয়

গেজেট প্রতিবেদন

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে শুক্রবার (২২ মে) থেকেই দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের সব পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান। তবে রোজার ছুটির কারণে সৃষ্ট শিক্ষাসময়ের ঘাটতি পূরণে সরকারের আগের সিদ্ধান্ত অনুযায়ী আগামী শনিবারও দেশের প্রাথমিক বিদ্যালয়গুলো খোলা থাকবে।

মূলত, বাৎসরিক ছুটির তালিকা অনুযায়ী আগামী ২৪ মে থেকে প্রাথমিক, মাধ্যমিক, মাদরাসা, কলেজ ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি শুরু হওয়ার কথা। তবে তার আগে শুক্র ও শনিবার (২২ ও ২৩ মে) সাপ্তাহিক ছুটি থাকায় মূলত বৃহস্পতিবার (২১ মে) ক্লাস শেষে অধিকাংশ প্রতিষ্ঠানে ছুটির আমেজ শুরু হয়েছে।

বিষয়টি নিয়ে জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি অ্যান্ড অপারেশন্স বিভাগের উপপরিচালক জয়নাল আবেদীন জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী অধিদপ্তর থেকে আদেশ জারি করা হয়েছে। এর বাইরে আর কিছু জানা নেই।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এদিকে, সরকারের এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন প্রাথমিকের শিক্ষকরা। তাদের অভিযোগ, রোজায় প্রাথমিক, মাধ্যমিক, কলেজ, মাদরাসা ও কারিগরি—সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানই একই সময় বন্ধ ছিল। তাহলে শুধু প্রাথমিক পর্যায়েই ছুটির ঘাটতি দেখিয়ে শনিবার বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত বৈষম্যমূলক।

প্রাথমিকের শিক্ষকদের একটি সংগঠনের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রায়ই শিক্ষকদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে।

তিনি বলেন, ‘আমরা ২৩ মে ছুটি ঘোষণার দাবি জানিয়ে আগেই আবেদন করেছিলাম। কিন্তু সেটি আমলে নেওয়া হয়নি। শিক্ষকদের মানসিক প্রশান্তি না থাকলে ভালো পাঠদান সম্ভব নয়।’

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সর্বশেষ তথ্যমতে, দেশে বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৬৫ হাজার ৫৬৯টি। এসব বিদ্যালয়ে শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন তিন লাখ ৮৪ হাজার ৯৮১ জন। শিক্ষার্থী রয়েছে প্রায় এক কোটি।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন