যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোতে একটি মসজিদে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এসময় দুই সন্দেহভাজন কিশোরসহ মোট পাঁচজন নিহত হয়েছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে রয়টার্স।
সোমবার (১৮ মে) স্থানীয় সময় দুপুরের আগে সংঘটিত এ ঘটনায় মসজিদের বাইরে তিনজন মুসল্লিকে গুলি করে হত্যা করা হয়, যাদের মধ্যে একজন নিরাপত্তারক্ষী।
পুলিশ জানায়, হামলাকারী দুই কিশোরকে একটি গাড়ির ভেতরে মৃত অবস্থায় পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, তারা আত্মহত্যা করেছে। নিহতদের বয়স ১৭ ও ১৯ বছর।
সান দিয়েগো পুলিশ প্রধান স্কট ওয়াহল জানান, মসজিদটিতে পরিচালিত ডে-স্কুলের সব শিশু নিরাপদ রয়েছে এবং তাদের সবাইকে খুঁজে পাওয়া গেছে।
ঘটনার তদন্তে সহায়তার জন্য এফবিআইকে ডাকা হয়েছে। পুলিশ এটিকে ‘ঘৃণাজনিত অপরাধ’ হিসেবে বিবেচনা করছে, যদিও হামলার পেছনের উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়।
ইসলামিক সেন্টারের ইমাম ও পরিচালক তাহা হাসান সাংবাদিকদের বলেন, ‘আমরা আগে কখনো এমন ট্র্যাজেডির মুখোমুখি হইনি। উপাসনালয়কে লক্ষ্যবস্তু করা অত্যন্ত ন্যক্কারজনক।’
প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিওতে দেখা যায়, মসজিদ ঘিরে অসংখ্য পুলিশের গাড়ি মোতায়েন রয়েছে। সশস্ত্র পুলিশ সদস্যদের মসজিদের ছাদ ও আশপাশে অবস্থান নিতে দেখা গেছে। তবে পুরো অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর পক্ষ থেকে কোনো গুলি ছোড়া হয়নি বলেও জানিয়েছেন পুলিশ প্রধান।
খুলনা গেজেট/এনএম

