সোমবার । ১৮ই মে, ২০২৬ । ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩

পবিত্র ঈদুল আজহার ভিন্ন তারিখ ঘোষণা করলো মালয়েশিয়া ও ব্রুনাই

আন্তর্জাতিক ডেস্ক

পবিত্র জিলহজ মাস ও ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার তিন দেশ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ব্রুনেই। রবিবার(১৭ মে) এই তিন দেশের সংশ্লিষ্ট চাঁদ দেখা বিষয়ক কমিটি জিলহজ মাস শুরুর ও পবিত্র ঈদুল আজহার ভিন্ন ভিন্ন তারিখ ঘোষণা করেছে।

মালয়েশিয়ার সরকারি এক ঘোষণায় বলা হয়েছে, আগামীকাল সোমবার (১৮ মে) থেকে পবিত্র জিলহজ মাস শুরু হবে। সেই অনুযায়ী, আগামী ২৭ মে (বুধবার) দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

এদিকে, ব্রুনাইয়ের সালতানাত জানিয়েছে, রোববার দেশটির আকাশে কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। এর ফলে সোমবার (১৮ মে) জিলকদ মাসের ৩০ দিন পূর্ণ হবে।

সেই হিসেবে আগামী ১৯ মে (মঙ্গলবার) থেকে দেশটিতে জিলহজ মাস শুরু হবে এবং আগামী ২৮ মে (বৃহস্পতিবার) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

অন্যদিকে, বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়া বলেছে, দেশটিতে আগামী ১৮ মে (সোমবার) জিলহজ মাসের প্রথম দিন এবং ২৭ মে (বুধবার) পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হবে।

ইন্দোনেশিয়ার ৮৮টি ভিন্ন ভিন্ন স্থানে পরিচালিত নতুন চাঁদ দেখার ফলাফলের ভিত্তিতে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির ধর্মমন্ত্রী নাসারুদ্দিন উমর।

পর্যবেক্ষণের ফলাফলে দেখা গেছে, নতুন চাঁদের অবস্থান ব্রুনাই, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং সিঙ্গাপুরের ধর্মমন্ত্রীদের নির্ধারিত মানদণ্ড ছাড়িয়ে গেছে। হিজরি মাস শুরুর জন্য এই মানদণ্ড অনুযায়ী, চাঁদের উচ্চতা কমপক্ষে ৩ ডিগ্রি এবং কৌণিক দূরত্ব ৬ দশমিক ৪ ডিগ্রি হতে হয়।

দেশটির ধর্মমন্ত্রী নাসারুদ্দিন উমর বলেন, বৈঠকে উপস্থাপিত চাঁদ দেখার প্রতিবেদনের ভিত্তিতেই ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে আলেম-ওলামা, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, জ্যোতির্বিজ্ঞানী এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

তিনি বলেন, বিভিন্ন স্থান থেকে পাওয়া তথ্য ধর্ম মন্ত্রণালয়ের চাঁদ দেখা কমিটির তৈরি গাণিতিক ও জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত হিসাব বা হিসাব পদ্ধতির সঙ্গে মিলিয়ে দেখা হয়েছে।

এর আগে, সিঙ্গেল গ্লোবাল হিজরি ক্যালেন্ডার (কেএইচজিটি) অনুসরণ করে ইন্দোনেশিয়ার অন্যতম বৃহৎ ধর্মীয় সংগঠন ‘মুহাম্মাদিয়াহ’ও বলেছিল, আগামী ২৭ মে ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। তাদের হিসাব অনুযায়ী, ৯ জিলহজ বা আরাফাত দিবস হবে ২৬ মে (মঙ্গলবার) এবং জিলহজ মাস শুরু হবে ১৮ মে (সোমবার)।

সংগঠনটি বলেছে, এই সিদ্ধান্ত ‘গ্লোবাল ক্যালেন্ডার প্যারামিটার’ (পিকেজি) ব্যবহার করে বিশ্বব্যাপী জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত গণনার ওপর ভিত্তি করে নেওয়া হয়েছে। বিশ্বজুড়ে মুসলিমদের জন্য হিজরি মাস শুরুর সময় একীভূত করার লক্ষ্যে এই ব্যবস্থাটির নকশা করা হয়েছে।

সূত্র: গালফ নিউজ, আনতারা

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন