সোমবার । ১৮ই মে, ২০২৬ । ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩

দিনের আলোতে ঈদের চাঁদ দেখল আরব আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক

পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ ঘিরে জিলহজ মাসের চাঁদ দেখার অপেক্ষায় মুসলিম বিশ্ব। আজ সন্ধ্যায় নতুন চাঁদ দেখার জন্য অফিশিয়াল প্রস্তুতি চলছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। কিন্তু এর আগেই সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাজধানী আবুধাবিতে সন্ধ্যা নামার আগে দিনের আলোতে দেখা মিলল ঈদের চাঁদের।

আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের অধীনে থাকা আল খাতিম জ্যোতির্বিজ্ঞান পর্যবেক্ষণাগার থেকে রোববার (১৭ মে) স্থানীয় সময় সকাল ৯টা ২০ মিনিটে এই ঐতিহাসিক ছবিটি তোলা হয়েছে। এর মধ্য দিয়ে হিজরি ১৪৪৭ সালের পবিত্র জিলহজ মাসের নতুন বাঁকা চাঁদের প্রথম ছবিটি রাতের আকাশে নয়, বরং সম্পূর্ণ দিনের আলো থাকতে ধারণ করা সম্ভব হয়েছে।

জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রটি আরও জানিয়েছে, যখন টেলিস্কোপ দিয়ে এই ছবিটি তোলা হয়, তখন নতুন চাঁদের বয়স ছিল মাত্র নয় ঘণ্টা। আকাশ পরিষ্কার থাকায় সূর্য থেকে প্রায় ৭ দশমিক ৮ ডিগ্রি দূরে অবস্থান করা চাঁদের এই রূপটি ধরা পড়ে।

এই বিরল ছবি তোলার মূল প্রক্রিয়া সম্পন্ন করেছেন বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী মোহাম্মদ শওকত ওদাহ। এই পুরো প্রক্রিয়ায় তার পর্যবেক্ষণাগার দলের অন্য তিন সদস্য খালফান আল নুয়াইমি, ওসামা ঘানাম এবং আনাস মোহাম্মদ তাকে সম্পূর্ণ টেকনিক্যাল সহায়তা দেন।

দিনের আলোতে চাঁদের ছবি ধারণের ঘটনার মধ্যে রোববার (১৭ মে) সূর্যাস্তের পর আরব আমিরাতের আকাশ গবেষক, অভিজ্ঞ চাঁদ দেখা কমিটি এবং সাধারণ নাগরিকদের জিলহজের চাঁদ দেখার জন্য বিশেষ তাগিদ দিয়েছে ইউএই ফাতওয়া কাউন্সিল।

কাউন্সিল থেকে বলা হয়েছে, কেউ যদি খালি চোখে বা নিজস্ব উপায়ে চাঁদ দেখতে পান, তবে তারা যেন তা দ্রুত সরকারি যোগাযোগ মাধ্যমে রিপোর্ট করেন। মূলত জিলহজ মাস শুরুর দিন এবং কোরবানির ঈদের সঠিক তারিখ চূড়ান্ত করতে এই সরকারি প্রস্তুতি চলছে। তবে আগের জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত হিসাব-নিকাশ অনুযায়ী, আজ রোববার সন্ধ্যায় মুসলিম বিশ্বের বেশিরভাগ দেশের আকাশেই এই চাঁদ দেখা যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

এই হিসেবে সোমবার (১৮ মে) থেকে পবিত্র জিলহজ মাস শুরু হতে পারে এবং আগামী ২৭ মে (বুধবার) মধ্যপ্রাচ্যসহ বেশিরভাগ মুসলিম দেশে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: গালফ নিউজ

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন