রবিবার । ১৭ই মে, ২০২৬ । ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩

ইসরায়েলি হামলায় হামাসের সামরিক শাখার প্রধান নিহত

আন্তর্জাতিক ডেস্ক

গাজা সিটিতে ইসরায়েলি বিমান হামলায় হামাসের সশস্ত্র শাখার কমান্ডার ইজ্জ আদ-দীন আল-হাদ্দাদ নিহত হয়েছেন। হামাসের এক কর্মকর্তা ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এক যৌথ বিবৃতিতে দাবি করেন, ‘হাজার হাজার ইসরায়েলি বেসামরিক নাগরিক ও আইডিএফ (ইসরায়েল ডিফেন্স ফোর্সেস) সদস্যদের হত্যা, অপহরণ ও আহত করার জন্য দায়ী ছিলেন হাদ্দাদ।’ তাকে ‘৭ অক্টোবরের হত্যাকাণ্ডের অন্যতম পরিকল্পনাকারী’ হিসেবেও বর্ণনা করেছে ইসরায়েল।

তিনজন প্রত্যক্ষদর্শী বিবিসিকে জানান, গাজা সিটির আল-মু’তাজ নামে পরিচিত একটি আবাসিক ভবনে ভিন্ন দুই দিক থেকে একযোগে ছোড়া তিনটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। পরে ঘটনাস্থল থেকে সরে যাওয়ার চেষ্টা করা একটি গাড়িতেও হামলা চালানো হয়।

গাজা সিটির কেন্দ্রস্থলে অবস্থিত ওই অ্যাপার্টমেন্ট ভবনকে লক্ষ্য করে চালানো বিমান হামলার ফলে বড় ধরনের অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও আহতদের সরিয়ে নিতে তারা ব্যাপক সমস্যার মুখোমুখি হয়।

এক প্রত্যক্ষদর্শী বিবিসিকে জানান, ভবনটি থেকে একটি মরদেহ এবং কয়েকজন আহত ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় একটি সূত্রের বরাতে আরও জানা গেছে, ঘটনাস্থল থেকে বেরিয়ে যাওয়া একটি গাড়িকে লক্ষ্য করে চালানো দ্বিতীয় বিমান হামলায় তিনজন নিহত হন।
সূত্রগুলো জানিয়েছে, প্রথম হামলায় গুরুতর আহত হওয়ার পর হাদ্দাদকে ওই গাড়িতে বহন করা হয়ে থাকতে পারে। বেসামরিক পোশাক পরিহিত হামাসের সশস্ত্র সদস্যরা পাশের একটি প্রবেশপথ দিয়ে গুরুতর আহত একজনকে বের করে একটি গাড়িতে তোলেন।

ইসরায়েলের এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী হাদ্দাদকে সফলভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে।

গাজায় গত ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হলেও ফিলিস্তিনি ভূখণ্ডজুড়ে নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। হামাস বারবার অভিযোগ করেছে, ইসরায়েল যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালাচ্ছে।

অন্যদিকে ইসরায়েলি সরকার বলছে, যুদ্ধবিরতির পরও হামাস সদস্যদের নিশানা বানানোর অধিকার রয়েছে তাদের।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন