পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে সশস্ত্র ব্যক্তিরা বিস্ফোরকভর্তি ট্রাক এবং বন্দুক নিয়ে একটি নিরাপত্তা চৌকিতে ভয়াবহ হামলা চালায়। এতে অন্তত ৯ জন আধাসামরিক বাহিনীর সদস্য নিহত হয়েছেন। শুক্রবার (১৫ মে) কর্মকর্তারা এ খবর জানিয়েছেন।
আফগানিস্তান সীমান্তের কাছে একই এলাকায় গত সপ্তাহেও একটি গাড়ি বোমা ও মর্টার হামলায় ২১ জন নিহত হয়েছিল। সেই ঘটনার কয়েকদিন পরই বৃহস্পতিবার বাজাউর জেলায় এই নতুন হামলা ঘটে।
পেশোয়ারের এক ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তা বলেন, ‘এই হামলায় ৯ জন আধাসামরিক সদস্য এবং ১০ জন জঙ্গি নিহত হয়েছে।
তিনি জানান, হামলাকারীরা বিস্ফোরকভর্তি গাড়ি চৌকির গেটের ভেতরে ঢুকিয়ে দেয়। দীর্ঘ সময় ধরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলি চলার পর হামলাকারীরা পালিয়ে যায়। এই ঘটনায় নিরাপত্তা বাহিনীর অন্তত ৩৫ জন সদস্য আহত হয়েছেন। বাজাউরের আরেকজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন।
এই হামলার দায় স্বীকার করেছে ওই এলাকায় সক্রিয় জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান।
কর্মকর্তারা জানিয়েছেন, বাজাউরের ইনায়েত কিল্লি এলাকায় আরেকটি ফ্রন্টিয়ার কোর ক্যাম্পের ভেতরে মর্টারের গোলা এসে পড়লে তিনজন নিরাপত্তাকর্মী আহত হন। বাজাউরের এই সহিংসতার আগে রবিবার বান্নুর ফতেহ খেল এলাকায় একটি গাড়ি বোমা হামলায় ১৫ জন নিহত এবং ৭ই মে হাঙ্গু জেলার থাল এলাকার একটি বাজারে মর্টার হামলায় ছয়জনের প্রাণহানি ঘটে।
পাকিস্তান সন্ত্রাসী আস্তানা আশ্রয় দেওয়ার জন্য আফগানিস্তানকে দায়ী করেছে। তবে এই অভিযোগ আফগানিস্তান অস্বীকার করেছে।
প্রতিবেশী দেশ দুটির মধ্যে শীতল সম্পর্ক সাম্প্রতিক মাসগুলোতে মারাত্মক সশস্ত্র সংঘাতে রূপ নিয়েছে।
খুলনা গেজেট/এএজে

