শনিবার । ৯ই মে, ২০২৬ । ২৬শে বৈশাখ, ১৪৩৩

মুখ্যমন্ত্রী হিসেবে বিজয়ের শপথ কাল

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের তামিলনাড়ুর রাজ্যপাল থালাপতি বিজয়কে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে নিয়োগ দিয়েছেন। কাল রবিবার (১০ মে) স্থানীয় সময় সকাল ১০টায় তিনি শপথ নেবেন। শনিবার (৯মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

তামিলনাড়ুর বিধানসভার আসন সংখ্যা ২৩৪টি। সেখানে সংখ্যাগরিষ্ঠতা পেতে একটি দলকে সর্বনিম্ন ১১৮টি আসনে জয় পেতে হয়। কিন্তু থালাপতির দল জেতে ১০৮ আসন। তাদের সংখ্যাগরিষ্ঠতা পেতে আরও ১০ বিধায়কের সমর্থন প্রয়োজন ছিল। যা আলাদা ছয়টি দলের সমর্থনের মাধ্যমে অর্জন করেছেন তিনি। সবমিলিয় এখন তার দল টিভিকে ও তার জোটের আসন সংখ্যা দাঁড়িয়েছে ১২০-এ।

শনিবার এর প্রমাণ নিয়ে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকারের সঙ্গে দেখা করেন থালাপতি। এরপর রাজ্যপাল তাকে আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়ে একটি চিঠি জারি করেন।

চিঠিতে বলা হয়েছে, “তামিলনাড়ুর রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার ভারতীয় সংবিধানের ধারা ১৬৪ অনুযায়ী থিরু সি জোসেফ বিজয়কে তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন।”

বিজয় থালাপতি বিজয় হিসেবে পরিচিত হলেও তার আসল নাম থিরু সি জোসেফ বিজয়।

গত ৪ মে তামিলনাড়ুর বিধানসভার ফলাফল ঘোষণা করা হয়। এতে আগের সরকারকে হটিয়ে থালাপতি বিজয়ের দল টিভিকে সর্বোচ্চ আসন পায়।

তারা এবারই সম্পূর্ণ নতুন দল হিসেবে প্রথমবারের মতো নির্বাচন করেছিল। আর এতেই বাজিমাত করেছে টিভিকে।

তবে একক দল হিসেবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারায় সরকার গঠনের জন্য পাঁচদিন দৌড়ঝাঁপ করতে হয়েছে তাদের।

সূত্র: এনডিটিভি

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন