সোমবার । ৪ঠা মে, ২০২৬ । ২১শে বৈশাখ, ১৪৩৩
থালাপতি বিজয়ের দলের চমক

নিজ আসনে হেরে গেলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্টালিন তার নিজ আসনেই হেরে গেছেন। তাকে হারিয়েছেন অভিনেতা থালাপতি বিজয়ের দল টিভিকে-এর প্রার্থী ভিএস বাবু।

এমকে স্টালিন সেখানকার কোলাথুর নামের আসনে নির্বাচন করেন। এবার তিনি শুধুমাত্র একটি আসনেই দাঁড়িয়েছিলেন। আর সেটিতে হেরে গেছেন।

তামিলনাড়ুতে এবারই প্রথমবার নির্বাচনে অংশ নিয়েছে থালাপতি বিজয়ের টিভিকে। আর প্রথম নির্বাচনে একক সর্বোচ্চ আসনে জয় পেতে যাচ্ছে তারা। এতে করে থালাপতি বিজয়ের মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

স্থানীয় সময় বিকাল ৪টা পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ১১টি আসনে জয় পায় টিভিকে। তারা আরও ৯৬টি আসনে এগিয়ে ছিল।

অপরদিকে মুখ্যমন্ত্রী স্টালিনের ক্ষমতাসীন দল ডিএমকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে চারটি আসনে জিতেছে। আর ৬৭টি আসনে এগিয়ে আছে।

তামিলনাড়ুতে ২৩৪টি আসনে গত ৯ মে নির্বাচন হয়। আজ সেখানে ভোট গণনা শুরু হয়েছে। ভোট গণনার প্রাথমিক ফলাফলে দেখা যায়, থালাপতি বিজয়ের দল চমক দেখাতে যাচ্ছে। দিন বাড়ার সঙ্গে সঙ্গে তাদের জয়ের পাল্লা ভারী হতে থাকে।

তামিলনাড়ুতে যদি কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে চায় তাহলে তাদের ১১৮টি আসনে জয় পেতে হবে। ধারণা করা হচ্ছে থালাপতির দল এককভাবেই এরচেয়ে বেশি আসন পাবে। আর না হলে জোট গঠন করে ক্ষমতায় যাবে টিভিকে।

সূত্র: ইন্ডিয়া টুডে

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন