সোমবার । ৪ঠা মে, ২০২৬ । ২১শে বৈশাখ, ১৪৩৩
বিধানসভা নির্বাচন

পশ্চিমবঙ্গে বিজেপি-তৃণমূল হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে কারা

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের রাজনীতির জন্য আজ এক অগ্নিপরীক্ষার দিন। সোমবার (৪ মে) দেশটির পাঁচ রাজ্য— পশ্চিমবঙ্গ, আসাম, তামিলনাড়ু, কেরালা ও পুদুচেরির বিধানসভা নির্বাচনের ভোটের ফল গণনা শুরু হয়েছে। এরমধ্যে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও তৃণমূল কংগ্রেসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখা গেছে।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার সর্বশেষ খবর অনুযায়ী এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৯৩ আসনের (এক আসন স্থগিত) মধ্যে ১৩৪ আসনে এগিয়ে রয়েছে বিজেপি। আর ১৩১ আসনে এগিয়ে রয়েছে ক্ষমতাসীন তৃণমূল। এছাড়া বামফ্রন্ট ও জাতীয় কংগ্রেস ২টি করে আসনে এগিয়ে রয়েছে।

সকাল ৮টা থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভোট গণনা শুরু হয়েছে। রাজ্যজুড়ে মোট ৭৭টি ভোট গণনাকেন্দ্র খোলা হয়েছে। শুরুতেই পোস্টাল ব্যালট এবং পরে শুরু হবে ইভিএম ভোট গণনা।

পশ্চিমবঙ্গে এবার কোন দল জিতছে এবং কারা ক্ষমতায় যাচ্ছে—তা সবই স্পষ্ট হবে ভোট গণনার পর। তবে রাজ্যবাসী কার হাতে পশ্চিমবঙ্গের শাসনভার তুলে দিলেন তার একটা প্রাথমিক ধারণা স্থানীয় সময় দুপুর একটার মধ্যেই মিলতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও কিছু কিছু কেন্দ্রের গণনা শেষ হতে রাতও গড়িয়ে যেতে পারে।

পশ্চিমবঙ্গে এবারে মোট দুইটি দফায় ভোট গ্রহণ পর্ব হয়েছে। প্রথম দফায় নির্বাচন হয়েছে ২৩ এপ্রিল, দ্বিতীয় দফায় নির্বাচন হয় ২৯ এপ্রিল।

প্রথম দফায় যে ভোটগ্রহণ হয়েছে, এতে বেশির ভাগ জেলা বিজেপির শক্ত ঘাঁটি বলে পরিচিত। আবার দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হয়েছিল তৃণমূলের দুর্গ বলে পরিচিত দক্ষিণবঙ্গে।

দ্বিতীয় দফার ভোট শেষ হতে বিভিন্ন সংস্থা যে বুথফেরত সমীক্ষা প্রকাশ করেছিল, তার বেশির ভাগেই ইঙ্গিত মিলেছিল রাজ্যে পরিবর্তন হতে চলেছে। ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। পাল্টা তৃণমূল দাবি করেছে, ২০২১ এবং ২০২৪ সালের ভোটেও বুথফেরত সমীক্ষা মেলেনি। এ বারও মিলবে না। সরকারে তারাই আসছে।

পশ্চিমবঙ্গের সঙ্গে আজ আজ আসাম, কেরালা, তামিলনাড়ু এবং পুদুচেরি বিধানসভার নির্বাচনের গণনাও হবে। আসামে ১২৬টি আসনে, কেরালায় ১৪০ আসনে, তামিলনাড়ুতে ২৩৪ আসনে এবং পুদুচেরিতে ৩০ আসনের ফলাফল জানা যাবে আগামীকাল।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন