শুক্রবার । ১লা মে, ২০২৬ । ১৮ই বৈশাখ, ১৪৩৩

যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী বৃষ্টির মরদেহ পাওয়া গেছে, জানাল স্থানীয় পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

জামিল লিমনের পর যুক্তরাষ্ট্রে নিহত অপর বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টির মরদেহও পাওয়া গেছে। এর আগে ফ্লোরিডার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের নিচ থেকে লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। এরপর সেখান থেকে মানবদেহের আরও কিছু খণ্ডিত অংশ পাওয়া যায়।

শুক্রবার (১ মে) ফ্লোরিডার পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে নাহিদা বৃষ্টির ভাইকে ফোন করে বলা হয়, উদ্ধারকৃত দ্বিতীয় মরদেহটি বৃষ্টির। বৃষ্টির পরিবারের পক্ষ থেকে মরদেহ বাংলাদেশে পাঠানোর উদ‍্যোগ নেয়ার অনুরোধ করা হয়েছে।

মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটের মাধ‍্যমে ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস বৃষ্টির মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু করছে।

জামিল লিমনের মরদেহ ফ্লোরিডার অরল‍্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে আগামীকাল শনিবার (২ মে) বাংলাদেশে পাঠানো হবে। দুবাই হয়ে মরদেহ সোমবার ঢাকায় পৌঁছাবে।

এদিকে লিমনের রুমমেট হিশাম আবুঘরবের বিরুদ্ধে সর্বোচ্চ মাত্রার (ফার্স্ট ডিগ্রি) হত্যার দুটি অভিযোগ আনা হয়েছে। গত মঙ্গলবার (২৮ এপ্রিল) আদালত জামিন আবেদন বাতিল করে তাকে কারাগারে রাখার নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, গত ১৬ এপ্রিল ট্যাম্পায় সর্বশেষ জামিল ও নাহিদাকে দেখা যায়। ওইদিন সকাল প্রায় ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি শিক্ষার্থীদের আবাসন এলাকায় জামিলকে সর্বশেষ দেখা যায়। আর একই দিন সকাল প্রায় ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ন্যাচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ভবনে নাহিদাকে সর্বশেষ দেখা যায়।

নিহত জামিল লিমন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার ভূগোল, পরিবেশ ও নীতি বিভাগে পিএইচডি করছিলেন। অন্যদিকে নাহিদা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডক্টরাল গবেষণায় নিয়োজিত ছিলেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন