ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দুই সপ্তাহের বেশি সময় ধরে যুদ্ধবিরতি চললেও আঞ্চলিক উত্তেজনা প্রশমিত হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। যুদ্ধের ৬৩তম দিনে এসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুনরায় হামলার ইঙ্গিত দিয়েছেন।
অন্যদিকে, ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ-অবরোধকে ‘অসহনীয়’ বলে মন্তব্য করেছেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
ইরান ও লেবানন পরিস্থিতি
বৃহস্পতিবার রাতে ইরানের রাজধানী তেহরানে বিমান বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার খবর পাওয়া গেছে।
তাসনিল ও ফার্স নিউজ এজেন্সির তথ্যমতে, ছোট ড্রোন ও আকাশযান লক্ষ্য করে এই ব্যবস্থা চালানো হয়। এদিকে, লেবাননে যুদ্ধবিরতি চললেও দক্ষিণাঞ্চলে ইসরাইলি হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে তিনটি গ্রামে হামলায় ২ শিশু ও ৫ নারীসহ ৯ জন প্রাণ হারান। পাল্টা হামলায় লেবাননে দুই ইসরাইলি সেনা আহত হয়েছে।
ট্রাম্পের হুমকি ও মার্কিন অবস্থান
প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, তিনি পুনরায় যুদ্ধ শুরুর বিষয়টি উড়িয়ে দিচ্ছেন না। তার দাবি, ইরানের নেতারা একটি চুক্তির জন্য মরিয়া হয়ে আছেন।
মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ সিনেটে জানিয়েছেন, যুদ্ধে এ পর্যন্ত ১ হাজার ৭০১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যার মধ্যে ২৫৪ জন শিশু।
তবে হেগসেথ দাবি করেন, বেসামরিক ক্ষয়ক্ষতি কমাতে পেন্টাগন প্রয়োজনীয় সব ব্যবস্থা নিচ্ছে। এছাড়া ইরান যুদ্ধের বিরোধিতার কারণে ইতালি ও স্পেন থেকে সেনা প্রত্যাহারের চিন্তা করছেন ট্রাম্প।
আঞ্চলিক সতর্কতা
অস্থির পরিস্থিতির কারণে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) তার নাগরিকদের ইরান, লেবানন ও ইরাক ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে। যারা ইতোমধ্যে সেখানে অবস্থান করছেন, তাদের দ্রুত দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে।
বিশ্ব অর্থনীতিতে প্রভাব
যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম চার বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ব্রেন্ট ক্রুড তেলের দাম ৭ শতাংশ বেড়ে ১২৬.৪১ ডলারে দাঁড়িয়েছে এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ৩.৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ১১০.৩১ ডলার হয়েছে।
ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ সতর্ক করে বলেছেন, ইরান যাতে পুনরায় ইসরাইলের জন্য হুমকি হয়ে না ওঠে, সেজন্য তাদের আবারো পদক্ষেপ নিতে হতে পারে। সব মিলিয়ে দুই সপ্তাহের যুদ্ধবিরতি থাকলেও মধ্যপ্রাচ্যে নতুন করে বড় সংঘাতের শঙ্কা তৈরি হয়েছে।
সূত্র: আল-জাজিরা
খুলনা গেজেট/এএজে

