বুধবার । ১৫ই এপ্রিল, ২০২৬ । ২রা বৈশাখ, ১৪৩৩

যুক্তরাষ্ট্রের অবরোধ না মেনে হরমুজ পাড়ি দিল ২৫ জাহাজ

আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন নৌবাহিনীর অবরোধ সত্ত্বেও হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল অব্যাহত রয়েছে। ইরানের স্থানীয় সময় সোমবার বিকেল সাড়ে ৫টা থেকে অবরোধ শুরুর পর মঙ্গলবার রাত পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, মোট ২৫টি জাহাজ এই প্রণালি দিয়ে যাতায়াত করেছে। আরও ১৩টি জাহাজ প্রণালি এলাকায় অবস্থান করছে।

বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির দেওয়া তথ্যে জানা যায়, অবরোধ উপেক্ষা করে পার হওয়া জাহাজগুলোর মধ্যে চারটি ট্যাঙ্কার ছিল। এগুলোর মধ্যে লাইবেরিয়ার পতাকাবাহী ‘ক্রিশ্চিয়ানা’, মার্কিন নিষেধাজ্ঞার তালিকাভুক্ত ‘রিচ স্টারি’ ও ‘মুরলীকিষাণ’ এবং পানামার পতাকাবাহী ‘পিস গালফ’ উল্লেখযোগ্য। তবে এসব ট্যাঙ্কার গোয়াদর উপসাগর ও রাস আল হাদ্দের কাছাকাছি মার্কিন অবরোধ রেখার সামনে এসে থেমে থাকতে দেখা গেছে।

বর্তমান পরিস্থিতিতে, মার্কিন নৌবাহিনী গোয়াদর উপসাগর থেকে ওমানের রাস আল হাদ্দ পর্যন্ত এলাকাজুড়ে বিস্তৃত রেখা বরাবর এই অবরোধ কার্যকর করছে। অবরোধের ফলে প্রায় দুই হাজার জাহাজ পারস্য উপসাগসের ভেতরে আটকে আছে এবং প্রায় ৪০০ জাহাজ প্রবেশের অপেক্ষায় রয়েছে।

এদিকে, শিপিং পর্যবেক্ষণ প্ল্যাটফর্ম ট্যাঙ্কারট্রাফিক জানিয়েছে, অনেক জাহাজ নিজেদের প্রকৃত পরিচয় গোপন রাখতে ভুয়া অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম (এআইএস) সিগন্যাল ব্যবহার করছে।

জানা গেছে, ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচনা ব্যর্থ হওয়ার পর সোমবার থেকে এই অবরোধ কার্যকর করার নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান এই গুরুত্বপূর্ণ জলপথে বিধিনিষেধ আরোপের চেষ্টা করায় পাল্টা ব্যবস্থা হিসেবে যুক্তরাষ্ট্র এই পদক্ষেপ নিয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন