যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও, কী বিষয়ে সমঝোতা হয়েছে তা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ইরানের সমালোচনা করেছেন এবং হুমকি দিয়েছেন। বলেছেন, ‘ইরান হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহনের ক্ষেত্রে “খুবই খারাপ ও অসম্মানজনক আচরণ” করছে।’
তিনি দাবি করেন, এটি তাদের মধ্যে হওয়া চুক্তির অংশ নয়। পাশাপাশি তিনি সতর্ক করে দেন, ইরান যেন এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে যাওয়া জাহাজগুলোর কাছ থেকে কোনো ফি আদায় না করে।
ট্রাম্প ট্রুথ সোশ্যালের পোস্টে লিখেছেন, ‘হরমুজ প্রণালী দিয়ে তেল যেতে দেওয়ার ক্ষেত্রে ইরান অত্যন্ত বাজে কাজ করছে, কেউ কেউ একে অসম্মানজনকও বলবেন।’
তিনি বলেন, ‘আমাদের মধ্যে এমন কোনো চুক্তি নেই!’
তিনি আরও বলেন, ‘এমন খবর পাওয়া যাচ্ছে যে ইরান হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী ট্যাংকারগুলোর কাছ থেকে ফি নিচ্ছে। তারা যেন এটা না করে এবং যদি করেও থাকে, তবে যেন এখনই তা বন্ধ করে।’
এদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার মন্ত্রিসভাকে লেবাননের সঙ্গে সরাসরি আলোচনার নির্দেশ দিয়েছেন। তবে একই সঙ্গে তিনি বলেছেন, লেবাননে কোনো যুদ্ধবিরতি নেই এবং হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা অব্যাহত থাকবে।
ইরান অভিযোগ করেছে, ইসরায়েলের হামলা যুদ্ধবিরতির “স্পষ্ট লঙ্ঘন”।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, বৃহস্পতিবার ইসরায়েলি হামলায় অন্তত ৩০৩ জন নিহত এবং এক হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।
পরিস্থিতি এখনো অত্যন্ত উত্তেজনাপূর্ণ এবং যুদ্ধবিরতি কার্যকর হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।
খুলনা গেজেট/এনএম

