বৃহস্পতিবার । ৯ই এপ্রিল, ২০২৬ । ২৬শে চৈত্র, ১৪৩২

একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত সংগীতশিল্পী ডালিয়া নওশীন মারা গেছেন

বিনোদন ডেস্ক

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা ও বিশিষ্ট নজরুলসংগীত শিল্পী ডালিয়া নওশীন আর নেই। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করে বুধবার (১ এপ্রিল) দুপুর ১২টা ৫৭ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

সংবাদমাধ্যমে শিল্পীর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার খালাতো বোন ও খ্যাতিমান নজরুলসংগীতশিল্পী সাদিয়া আফরিন মল্লিক। জানা গেছে, বেশ কিছুদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন ডালিয়া নওশীন। শারীরিক অবস্থার অবনতি হলে গত ২৭ মার্চ তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, বাদ মাগরিব গুলশান সোসাইটি মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে। ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জননী তাদের একজন যুক্তরাষ্ট্রে এবং অন্যজন স্পেনে বসবাস করেন।

ডালিয়া নওশীন ছিলেন বাংলাদেশের সংগীতাঙ্গনের এক উজ্জ্বল নাম। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা হিসেবে তিনি মুক্তিযুদ্ধের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২০ সালে তাকে একুশে পদক দেয়া হয়। তিনি দেশের প্রখ্যাত স্থপতি মাজহারুল ইসলাম-এর কন্যা ছিলেন। তার মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন